সময়ের মুখ
মানুষ হাসিঠাট্টা করত, আমি পাত্তা দিইনি
ফুটবল নিয়ে নানান কারিকুরি করতে পারদর্শী মাহমুদুল হাসান (২১)। হাতের ওপর বল ঘোরানো, ঘাড়ে বল ধরা, মাথার ওপর বল ঘোরানো ইত্যাদি কারিকুরি (ফুটবল ফ্রিস্টাইল)করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ১২ বার নিজের নাম লিখিয়েছেন মাগুরার এই তরুণ। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কাজী আশিক রহমান।
প্রশ্ন :
আপনি ১২ বার নিজের নাম গিনেস বুকে লেখানোর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন গত ২৮ জানুয়ারি। কেমন লাগছে?
মাহমুদুল হাসান: এটা আনন্দের খবর। তবে আনন্দ একটু কম হচ্ছে।
প্রশ্ন :
কেন?
মাহমুদুল: আমাকে রেকর্ড করতে উৎসাহ দিতেন দাদি ও নানা। তাঁরা গত বছর মারা গেছেন।
প্রশ্ন :
ফুটবল নিয়ে এই কারিকুরি করা শুরু হলো কীভাবে?
মাহমুদুল: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে এক বছর পরীক্ষায় সব বিষয়ে ফেল (অকৃতকার্য) করেছিলাম। কারণ ছিল খেলাধুলা। তখন মনে হলো, খেলাধুলায় ভালো করার চেষ্টা করি না কেন?
প্রশ্ন :
রেকর্ড করার জন্যই কি শুরু করেছিলেন?
মাহমুদুল: না। আগে শুরু করি। পরে রেকর্ডের বিষয়টি জানতে পারি। সে অনুযায়ী চর্চা শুরু করি।
প্রশ্ন :
গিনেস বুকের কথা কীভাবে জানলেন?
মাহমুদুল: ওয়েবসাইট ঘেঁটে।
প্রশ্ন :
রেকর্ড যে করেন, সেটার প্রমাণ কীভাবে দেন?
মাহমুদুল: গিনেস বুক কর্তৃপক্ষের কিছু নির্দেশনা আছে। সে অনুযায়ী করতে হয়। যেমন সর্বশেষ বার আমার রেকর্ড করার সময় জেলা প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা ছিলেন। পাশাপাশি সেটা ভিডিও করে গিনেস বুক কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। এরপর তারা স্বীকৃতিপত্র পাঠায়।
প্রশ্ন :
রেকর্ডের কোনো অর্থমূল্য আছে?
মাহমুদুল: না। ভালো লাগা থেকে করি।
প্রশ্ন :
মানুষ কী বলে?
মাহমুদুল: কেউ কেউ হাসিঠাট্টা করত, এখনো করে। তবে আমি পাত্তা দিইনি। এ নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি বলি, ফুটবল ফ্রিস্টাইলে ভালো করার পর আমি পড়াশোনায়ও ভালো করছি।
প্রশ্ন :
যখন আপনার রেকর্ড নিয়ে খবর প্রকাশিত হয়, তখন পরিচিতজনেরা কী বলেন?
মাহমুদুল: তখন তাঁরা বলেন, ‘তোমাকে টিভিতে, পত্রিকায় দেখলাম’। এতে আনন্দ লাগে। অনুপ্রাণিত হই।
প্রশ্ন :
পরিবারে কে কে আছেন?
মাহমুদুল: বাবা, মা ও বোন।
প্রশ্ন :
তাঁরা কী বলেন?
মাহমুদুল: বাবা ও মা সমর্থন করেন। বোনও এখন আমাকে সমর্থন দেয়। তবে শুরুতে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছি দাদি ও নানা-নানির কাছ থেকে।
প্রশ্ন :
প্রতিদিন কত ঘণ্টা অনুশীলন করতে হয়?
মাহমুদুল: শুরুটা অনেক কঠিন ছিল। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা অনুশীলন করেছি। মন চাইলে মাঝরাতেও প্র্যাকটিস (অনুশীলন) করেছি।
প্রশ্ন :
ফুটবল ফ্রিস্টাইল কি বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে?
মাহমুদুল: আগের চেয়ে জনপ্রিয়তা বেড়েছে। আশা করি ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে।
প্রশ্ন :
এ নিয়ে পেশাজীবন গড়ে তোলার সম্ভাবনা কেমন?
মাহমুদুল: এখনো সম্ভাবনা কম।
প্রশ্ন :
সরকারি-বেসরকারি পর্যায়ে কি কোনো উদ্যোগ নেওয়ার আছে?
মাহমুদুল: এটা নিয়ে প্রতিযোগিতার আয়োজন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।