‘কেন ঘুমটা ভাঙল, স্বপ্নে হইলেও তো ছেলেটারে কাছে পাইছিলাম’
প্রিয়ন্ত দাশ অর্ঘ্য। ২০০২ সালে জন্ম নেওয়া অর্ঘ্য ২০০৬ সালে অপহৃত হয়। অর্ঘ্যর মা ও বোনেরা আজও অপেক্ষায় আছেন হয়তো অর্ঘ্য একদিন ফিরে আসবে। কিন্তু এ অপেক্ষা তো আর ফুরোয় না।
গোলাপি জামা গায়ে দেওয়া সেই ছোটবেলার অর্ঘ্যর ছবি দিয়ে তার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দেন স্বজনেরা। যদি অর্ঘ্য ফিরে আসে, তখন তাকে চিনতে পারবেন কি না, অর্ঘ্য দেখতে এখন কেমন হয়েছে—এসব চিন্তাও করেন তাঁরা। তবে অর্ঘ্যর মা পূরবী রানী দাশের দৃঢ় বিশ্বাস, ছেলে ফিরলে তিনি শিশু থেকে যুবক হওয়া ছেলেকে ঠিকই চিনতে পারবেন।
হবিগঞ্জের চিড়াকান্দি এলাকা থেকে অপহৃত হওয়া অর্ঘ্যর ঘটনা তখন এলাকায় আলোড়ন তুলেছিল। তার সন্ধান দাবিতে আন্দোলন, সড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটামসহ নানা তৎপরতায় পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসেছিল। তবে তারপর সব চাপা পড়ে যায়। অর্ঘ্যর অপহরণের পর তার বাবা মহিমা রঞ্জন দাশ অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রায় ১০ বছর পক্ষাঘাতসহ নানা রোগে ভুগে তিনি মারা গেছেন দুই বছর আগে। ফলে অর্ঘ্যর অপহরণ মামলা এখন কোন পর্যায়ে আছে, তা–ও জানা নেই তার পরিবারের।
অর্ঘ্যর মা পূরবী রানী দাশ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটা যে হারাইল, তারপর আর কিছুই জানতে পারলাম না। ছেলেটা পৃথিবীতে আছে কি নাই, ওরে মারল না অন্য দেশে পাঠাই দিল, কিছুই জানলাম না। আইনের হাত তো অনেক লম্বা, মাটির তল বা পানির তলের ঘটনাও বাইর করে আনে। আমরা নানা ক্লু দিলাম। অথচ আমার ছেলেরই কোনো খবর দিতে পারল না এখনো।’
‘একসময় পুলিশ উল্টো অভিযোগ করল, আমার বাবা নাকি নিজেই ছেলেকে ভারতে পাঠিয়ে দিয়ে মিথ্যা মামলা করেছিলেন। বাবা এই অপমান কখনো ভুলতে পারেননি। বাবা কেন ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে মিথ্যা মামলা করবেন?’
এখন যদি অর্ঘ্য ফিরে আসে তাহলে চিনতে পারবেন? এ প্রশ্নের জবাবে পূরবী রানী দাশ বলেন, ‘আমার ছেলে তো আমার অন্তরেই আছে। আমি আমার ছেলেরে ঠিকই চিনতে পারব। ছেলের চোখ, নাক, সুন্দর মুখ সবই তো আমার মনে আছে। ছেলের হাতের কালো জট, ভ্রুতে কাটা দাগ সবই তো আছে। আমার এখনো বিশ্বাস, আমার ছেলের সুন্দর মুখটার দিকে তাকাইলে কেউ ওরে মারতে পারব না।’
অর্ঘ্যর এক বোন প্রিয়াঙ্কা দাশের বিয়ে হয়েছে ২০২০ সালে। তিনি থাকেন শায়েস্তাগঞ্জে। আরেক বোন ঈশিতা দাশ স্নাতক পাস করেছেন। পূরবী রানী দাশ এই মেয়েকে নিয়ে বর্তমানে সিলেটে থাকেন। ঈশিতা গৃহশিক্ষকতা করেন। মহিমা রঞ্জন দাশের চিকিৎসার জন্য হবিগঞ্জের বাড়ি ও দোকান বিক্রি করে দিতে হয়েছিল। অবশ্য স্বামীর পেনশনের টাকা পাচ্ছেন পূরবী রানী দাশ। তিনি জানান, মা ও মেয়ে দুজনের সংসার জোড়াতালি দিয়ে চলছে।
পূরবী রানী বলেন, ‘আগে তো স্বামীরে নিয়া ব্যস্ত ছিলাম। এখন তো আর সময় কাটে না। ছেলেরে স্বপ্নে দেখি। ঘুম ভাঙলে মনে হয়, কেন ঘুমটা ভাঙল? স্বপ্নে হইলেও তো ছেলেটারে কাছে পাইছিলাম।’
অর্ঘ্যর বড় বোন প্রিয়াঙ্কা দাশ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাবার অসুস্থতাসহ নানা কারণে মামলাটি নিয়ে সেভাবে আমরা খবর রাখতে পারিনি। ফলে সেই সময়ের আলোচিত মামলাটি এখন কোন পর্যায়ে আছে, তা–ও জানি না। আমরা শুধু চাই, আমাদের ভাই অর্ঘ্য ফিরে আসুক। মা ছেলের অপেক্ষায় আছেন।’ পাশের বাসার এক ছোট ভাইসহ নানাজন বিভিন্ন সময় অর্ঘ্যর সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এতে আবার মাঝেমধ্যেই ফেসবুকে আলোচনায় আসে অর্ঘ্য। এর বাইরে আর কিছু হয় না।
আমরা যারা এ আন্দোলনে জড়িত ছিলাম, আমাদের মনে হয়েছে, পুলিশ এ শিশু অপহরণের রহস্য উদ্ঘাটনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় পরিবারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।
রাজীব গোপ চৌধুরী নামের একজন অর্ঘ্যকে খুঁজে পেতে সহায়তা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে হবিগঞ্জের স্থানীয় বা ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন এমন অনেকেই মন্তব্য লিখেছেন। তাঁরা এখনো অর্ঘ্যকে ভুলতে পারেননি, ভুলতে পারেননি তখনকার আন্দোলনের কথা।
প্রিয়াঙ্কা দাশ বলেন, ‘যখন ভাইকে অপহরণের ঘটনা ঘটে, তখন এলাকায় এমন বাচ্চা হারানোর ঘটনা আরও ঘটেছিল। তখন ভাইয়ের ঘটনা নিয়ে অনেক আন্দোলন হইছে। একসময় পুলিশ উল্টো অভিযোগ করল, আমার বাবা নাকি নিজেই ছেলেকে ভারতে পাঠিয়ে দিয়ে মিথ্যা মামলা করেছিলেন। বাবা এই অপমান কখনো ভুলতে পারেননি। বাবা কেন ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে মিথ্যা মামলা করবেন?’
আন্দোলনে নেমেছিলেন সাধারণ মানুষ
অর্ঘ্য নিখোঁজ হওয়ার পর ২০০৬ সালের ২২ জুলাই হবিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর আগে এলাকায় মাইকিং করা, আত্মীয়দের বাড়িতে খবর নেওয়া সবই করা হয়। হবিগঞ্জ থানায় পাচারের উদ্দেশ্যে অপহরণ ও সহায়তার অপরাধে মামলাটি (মামলা নম্বর ২৬) করা হয় ২৭ জুলাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তখনকার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দেন যে আসামিদের বিরুদ্ধে অভিযোগের ‘আপাতগ্রাহ্যতা’ পাওয়া যায়নি। অর্ঘ্যর বাবা এতে নারাজি আবেদন দেন। হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নথিপত্র পর্যালোচনা করে বলেছিলেন, নথি পর্যালোচনায় দেখা যাচ্ছে যে ভিকটিম উদ্ধার হয়নি। তাই নারাজি দরখাস্তের সারসত্তা আছে। নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি এএসপি পর্যায়ের কর্মকর্তার নিচে নন, এমন কর্মকর্তা দিয়ে অধিকতর তদন্ত করার নির্দেশ দেন আদালত।
অর্ঘ্যর পরিবারের কাছ থেকে পাওয়া মামলার নথি বলছে, নিখিল চন্দ্র বৈষ্ণব নামের এক ব্যক্তি অর্ঘ্যর ঘটনার সাত থেকে আট মাস আগে তাঁদের দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এই কর্মচারী অর্ঘ্যদের বাসায়ই থাকতেন। ঘটনার সময় তিনি দোকানে উপস্থিত ছিলেন না। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছিলেন যে ২০ হাজার টাকার বিনিময়ে অর্ঘ্যকে পাড়ার শঙ্কু দেবের কাছে দিয়ে দিয়েছেন।
২০০৬ সালের সেপ্টেম্বর মাসে তখনকার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে এক বৈঠকে অর্ঘ্যর মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধসংক্রান্ত মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হয়। লুৎফুজ্জামান বাবর ঘোষণা দিয়েছিলেন যে অর্ঘ্য অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে কোনো ধরনের অনুকম্পা দেখানো হবে না। হবিগঞ্জের স্থানীয় পত্রিকা, প্রথম আলো ও বিভিন্ন জাতীয় দৈনিকেও তখন গুরুত্ব দিয়ে অর্ঘ্যর মামলা ও আন্দোলনের নানা খবর প্রকাশিত হয়। অর্ঘ্যর পরিবারের সদস্যরা পত্রিকায় প্রকাশিত খবরগুলো যত্ন করে রেখে দিয়েছেন।
অর্ঘ্যকে উদ্ধারে হবিগঞ্জের সুধী সমাজের পক্ষ থেকে মহাসড়ক অবরোধ কর্মসূচি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়। সুধী সমাজের পক্ষ থেকে অর্ঘ্যকে উদ্ধারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। ‘অর্ঘ্য উদ্ধার বাস্তবায়ন কমিটি’ও গঠন করা হয়েছিল। হবিগঞ্জকে অচল করে দেওয়ার হুমকি, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে স্মারকলিপি দেওয়া, এমনকি পুলিশের পক্ষ থেকেও অপরাধীদের সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। নিখিল, শংকুসহ অভিযুক্ত ব্যক্তিদের জেলে পাঠানো হয়েছিল।
মামলার বর্তমান অবস্থা
প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান জেলার আদালত থেকে অর্ঘ্য অপহরণ মামলার তথ্য জানতে পেরেছেন। শিশু অর্ঘ্য অপহরণ মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ২৩ মে আদালতে অভিযোগপত্র (অভিযোগপত্র নম্বর-১৩৬) দাখিল করে সিআইডি। এতে পাঁচজনকে অভিযুক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সিআইডির পরিদর্শক মেহেরুন নেছা।
মামলাটি বর্তমানে হবিগঞ্জের নারী ও শিশু আদালত ১, বিচারক সুদীপ্ত দাশের আদালতে বিচারাধীন। নথি মোতাবেক, আসামিরা পলাতক। আগামী ১৭ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ আছে। তবে অর্ঘ্যর মা বা বোনেরা মামলার শেষ অবস্থা সম্পর্কে অবগত নন। তাঁরা জানান, দীর্ঘদিন এ মামলা নিয়ে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি।
অর্ঘ্য উদ্ধার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী চৌধুরী আবদুল হাই। কমিটির সদস্যসচিব ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম (জুয়েল)। হবিগঞ্জের প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান সম্প্রতি কথা বলেছেন আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘আজ থেকে ১৭ বছর আগে অর্ঘ্যকে উদ্ধারের জন্য আমরা যে নাগরিক আন্দোলন গড়ে তুলেছিলাম, তাতে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের সমর্থন ছিল। আমরা পুলিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছিলাম। তখন পুলিশ কৌশল হিসেবে এ অপহরণের বিষয়ে নানা বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। এমনকি এ ঘটনায় শিশুটির পরিবারকেও দোষারোপ করতে থাকে। প্রচারণা চালানো হয় যে অন্য কাউকে ফাঁসানোর জন্য এ অপহরণের সাজানো হয়েছে। আমরা যারা এ আন্দোলনে জড়িত ছিলাম, আমাদের মনে হয়েছে, পুলিশ এ শিশু অপহরণের রহস্য উদ্ঘাটনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় পরিবারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।’
অর্ঘ্যর মা পূরবী রানী দাশ প্রথম আলোকে বলেন, ‘আমি জানতে চাই, মামলাটি উল্টো দিকে ঘুরাইল কেন? আমার স্বামীই নাকি এ ঘটনা সাজাইছিল। আমি আসল ঘটনাটা জানতে চাই। স্বামী ছেলেরে দেখতে না পাওয়ার কষ্ট নিয়াই মইরা গেল। আর আমি অভাগিনী মা, এখনো বাঁইচ্যা আছি, ছেলের অপেক্ষায় আছি।’