বিশ্বে ২০২৩ সালে প্রায় ৩৪ কোটি ডলার মানবিক সহায়তার প্রয়োজন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচ। ঢাকা, ২০ মে
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বিশ্বে ২০২১ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছিল ৮ কোটি ৯৩ লাখ মানুষ। তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়েছিল ১৬ কোটি ১০ লাখ। সব মিলিয়ে মানবিক সংকট মোকাবিলায় সে বছর ২৫ কোটি ৫০ লাখ ডলার সহায়তার প্রয়োজন পড়েছিল। তবে যা পাওয়া গিয়েছিল, তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ২০২৩ সালে এসে ৩৩ কোটি ৯০ লাখ ডলার মানবিক সহায়তার প্রয়োজন হবে।

‘স্টেট অব দ্য হিউম্যানিটেরিয়ান সিস্টেম রিপোর্ট ২০২২: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল লন্ডনভিত্তিক সংস্থা স্ট্রেন্দেনিং হিউম্যানিটেরিয়ান অ্যাকশন থ্রু ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং (এএলএনএপি)।

মূল প্রবন্ধে এএলএনএপির প্রতিনিধি জেনিফার ডোহার্টি বলেন, বিশ্বব্যাপী সংঘাত, বিপর্যয় ও স্থানচ্যুতি বেড়েছে। একই সঙ্গে মহামারিতে ক্ষয়ক্ষতি বেড়েছে। অন্যদিকে মানবিক কর্মীদের ওপর আক্রমণ ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক মানবিক সহায়তার পুরো ব্যবস্থাপনাতেই কিছু দুর্বলতা প্রকট।  

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান ভূমিকম্প ও ভূমিধস মোকাবিলার সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তার কথা। অপরদিকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোহিঙ্গা কর্মসূচিতে সীমিত অর্থায়নের প্রভাব মোকাবিলায় কম খরচে যথাসম্ভব ভালো সেবা দেওয়ার ওপর জোর দেন। ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর সাইমন লিভার সঠিক সময়ে সঠিক মানুষের কাছে সহায়তা পৌঁছাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন।

বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালি কার্যকর মানবিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক (অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ) কে এ এম মোরশেদ, লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারাসহ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার প্রতিনিধিরা।