দুই সন্তানকে নিয়ে বাবার বাসায় যাচ্ছিলেন শাহিনুর, বাসের ধাক্কায় বাঁচল না কেউ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক নারী ও তাঁর দুই সন্তান রয়েছেন। তাঁরা সবাই ওই অটোরিকশার যাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— কোহিনূর আক্তার (৩৫) এবং তাঁর দুই সন্তান মো. ওহিদুল ইসলাম (১৯) ও মো. মিরাজ (১৬)। ওহিদুল অনার্সে পড়তেন। মিরাজ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। কোহিনূর পটিয়া উপজেলার জিরি গ্রামের মো. শফির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জিরি গ্রাম থেকে ছেলেদের নিয়ে অটোরিকশায় আনোয়ারার বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামে বাবার বাসায় যাচ্ছিলেন কোহিনূর। পথে ডাকপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন কোহিনূর। আহত অবস্থায় তাঁর দুই ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তাঁরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মুহাম্মদ হাছান বলেন, ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। চমেক হাসপাতালে তাঁর দুই ছেলেও মারা গেছেন বলে তাঁদের পরিবার নিশ্চিত করেছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।