পদোন্নতির দাবিতে আইজিপির কাছে গেলেন দুই ব্যাচের পুলিশ কর্মকর্তারা
নির্ধারিত সময়ে পদোন্নতি না পেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে দেখা করে ক্ষোভ জানিয়েছেন পুলিশ ক্যাডারের দুই ব্যাচের কর্মকর্তারা। দ্রুততম সময়ে পদোন্নতি পেতে পুলিশপ্রধানের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের সঙ্গে দেখা করেন ৩৫ ও ৩৬তম বিসিএসের পুলিশ ক্যাডারের সদস্যরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই পদোন্নতি নিশ্চিত করতে পুলিশপ্রধানকে অনুরোধ জানান তাঁরা। পুলিশ সদর দপ্তরে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক।
বৈঠকে অংশ নেওয়া ডিএমপির এক সহকারী কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩৫তম ব্যাচের পুলিশ সদস্যরা প্রায় দেড় বছর ধরে পদোন্নতিবঞ্চিত। এ সময়ে তাঁদের অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি হওয়ার কথা ছিল। প্রশাসন, আনসার ক্যাডারসহ কয়েকটি ক্যাডারের সদস্যরা ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন। কিন্তু পুলিশ ক্যাডারের সদস্যরা পদোন্নতি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাঁদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, দ্রুত পদোন্নতি নিশ্চিত করলে কর্মকর্তাদের ক্ষোভ প্রশমিত হবে।
এদিকে ৩৬তম পুলিশ ক্যাডারের সদস্যরা ষষ্ঠ গ্রেডে পদোন্নতির জন্য বয়সসীমা, চাকরির মেয়াদসহ সব শর্ত পূরণ করেছেন। তাঁরাও এখনো পদোন্নতি পাননি। তবে পুলিশ ক্যাডারের সঙ্গে একই সময়ে চাকরিতে যোগ দেওয়া প্রশাসন ক্যাডার, আনসার ক্যাডারসহ বেশ কিছু ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা এরই মধ্যে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।
পুলিশপ্রধানের সঙ্গে বৈঠকে ৩৬ ব্যাচের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাচের এক কর্মকর্তা বলেন, ৩৬তম ব্যাচের অন্যান্য ক্যাডারের পদোন্নতি হলেও পুলিশের না হওয়াটা হতাশার। সঠিক সময়ে পদোন্নতি না পাওয়ায় তাঁদের কর্মস্পৃহা নষ্ট হচ্ছে। পারিবারিক ও সামাজিকভাবে হেয় হতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির দপ্তরের নাম প্রকাশ না করার শর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ভিন্ন কোনো ঘটনা ঘটেনি। অনেক কর্মকর্তা একসঙ্গে জড়ো হওয়ায় কিছুটা হট্টগোল হয়। দুই ব্যাচের কর্মকর্তারা পরে পুলিশ সদর দপ্তরের ওঅ্যান্ডএম উইংয়ের ডিআইজি ফারুক হোসেনের সঙ্গে দেখা করে তাঁদের পদোন্নতির যৌক্তিকতা তুলে ধরেন।
সূত্র বলছে, ৩৪তম পুলিশ ব্যাচের ৪০ জন, ৩৫তম ব্যাচের ১১৫ জন, ৩৬তম ব্যাচের ১১৬ জন পদোন্নতির জন্য নির্ধারিত সব মানদণ্ড পূরণ করে পদোন্নতির অপেক্ষায় আছেন। কিন্তু তাঁদের পদোন্নতি মিলছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ৩৫তম ও ৩৬তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা পদোন্নতির জন্য তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।