ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট নামে আইনজীবীদের নতুন মোর্চা
ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) নামে আইনজীবীদের একটি মোর্চার আত্মপ্রকাশ হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মোর্চা গঠন, এর লক্ষ্য ও যাত্রা শুরুর তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে জানানো হয়, মতের ভিন্নতা থাকলেও আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সব আইনজীবী সমিতি স্বাধীন রাখার জন্য আইনজীবীদের নির্দলীয় প্ল্যাটফর্ম প্রয়োজন। সে লক্ষ্যেই গঠিত হয়েছে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট।
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আইনজীবীদের মর্যাদা, স্বাধীন আইনজীবী সমিতি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার আন্দোলনে আইনজীবীরা অঙ্গীকারবদ্ধ। সারা দেশের সব আইনজীবী সমিতি যেন স্বাধীন ও নির্ভীকভাবে আইনজীবীদের সম্মান ও স্বার্থ সংরক্ষণের কাজ করতে পারে, সে জন্য দেশব্যাপী আইনজীবীদের সঙ্গে নিয়ে আন্দোলন–সংগ্রাম ধারাবাহিকভাবে পরিচালিত করবে। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ফ্রন্টের সহ–আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। তিনি গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক। কমিটিতে আইনজীবী কায়সার কামালকে প্রধান সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তিনি বিএনপির আইনবিষয়ক সম্পাদক।
অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে আইনজীবী মোহাম্মদ মহসীন রশীদ, সমিতির সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, মো. রুহুল কুদ্দুস, শাহ আহমেদ বাদল, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।