নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশাহারা: মুক্তি কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল। জাতীয় প্রেসক্লাব
ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন বিপর্যস্ত। স্বল্প আয়ের মানুষ আজ দিশাহারা। সিন্ডিকেট গঠন করে ব্যবসায়ীরা লুটপাট করছেন। তাঁদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য দেলোয়ার হোসেন বলেন, বাজারি শোষণের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। টিসিবি যে পণ্য বিক্রি করছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, প্রতিটি পণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। অথচ মানুষের আয় বা মজুরি বাড়েনি। স্বল্প আয়ের মানুষেরা সন্তানসন্ততি নিয়ে দুর্বিষহ জীবন পার করছেন।

এ সময় আরও বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক এহতেশামুল হক, মুক্তি কাউন্সিলের সংগঠক হেমন্ত দাস।