নির্বাচনী প্রক্রিয়া ও আইন সম্পর্কে ধারণা নিল ইইউ
দেশের নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনসংক্রান্ত আইন-বিধি ও নির্বাচন পর্যবেক্ষণের কাজটি কীভাবে হয়—এসব বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। এ ছাড়া বাংলাদেশে কীভাবে নির্বাচনী বিরোধ ও অভিযোগের নিষ্পত্তি হয়, সে বিষয়েও ধারণা নিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার বিকেলে দিমিত্রা ইয়ুনার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের চারজন সদস্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইসি সচিবালয়ের পক্ষে বৈঠকে অংশ নেন নির্বাচন ব্যবস্থাপনা ও আইন শাখার তিন যুগ্ম সচিব মাহবুবার রহমান, ফরহাদ আহম্মদ খান ও মো. আবদুল বাতেন।
এর আগে ১১ জুলাই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল। ওই বৈঠকে মূলত তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সক্ষমতা বিষয়ে ধারণা নেয়। তখনই সিদ্ধান্ত হয়েছিল, ইইউর কারিগরি দলের সদস্যরা ইসির কর্মকর্তাদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন। এরই ধারাবাহিকতায় গতকালের বৈঠক অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নির্বাচনের পরিবেশ ও নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি ৮ জুলাই থেকে ঢাকা সফরে রয়েছে। ইতিমধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছে। সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পাশাপাশি ইইউ পর্যবেক্ষক দল কথা বলেছে নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে।
বেলা তিনটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। ইসির কর্মকর্তাদের সঙ্গে তাঁরা প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তাঁদের নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইনের অনুলিপি দেওয়া হয়। বাংলায় যেসব আইন আছে, সেগুলোর ইংরেজি অনুবাদও পরবর্তী সময়ে তাঁদের সরবরাহ করা হবে।
বৈঠক শেষে ইসির যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের বলেন, এর আগেও ইইউ প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করেছিল। তখন তারা বলেছিল, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তারা জানে না, তাই আবার বসতে চেয়েছিল। নির্বাচনী প্রক্রিয়া, সংবিধান, আইন ও বিধি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া সাংবাদিকসহ দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা কীভাবে কাজ করেন, তা নিয়ে জানতে চেয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের এসব বিষয়ে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিনিধিদল জানতে চেয়েছে, নির্বাচনের আগে-পরে ‘লিগ্যাল ডিসপিউট’ (আইনি বিরোধ) হলে কীভাবে নিষ্পত্তি হয়। মনোনয়নপত্র কীভাবে দাখিল করা হয়, কীভাবে এগুলো বাছাই করা হয়—এই বিষয়গুলোও বৈঠকে জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা।
মাহবুবার রহমান বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকেরা আসতে (নির্বাচন পর্যবেক্ষণ) গেলে কোন প্রক্রিয়ায় আসতে হবে, কীভাবে আসতে হবে, ইকুইপমেন্ট (সরঞ্জাম) যদি লাগে কীভাবে নিয়ে আসবেন এগুলো, নির্বাচনবিষয়ক যা কিছু আছে খুঁটিনাটি সব জানতে চেয়েছেন।’
জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী নিয়ে ইইউ প্রতিনিধিদল কোনো উদ্বেগ জানিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসির এই কর্মকর্তা বলেন, তাঁরা উদ্বেগের কিছু বলেননি। তাঁরা জানতে চেয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্তুষ্টি-অসন্তুষ্টির কোনো বিষয় বৈঠকে আসেনি। বর্তমান আইন, বিধি, নিয়মকানুন, নির্বাচনী প্রক্রিয়া এগুলো নিয়ে কথা হয়েছে।
ইইউ কোনো ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে বলেছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহবুবার রহমান বলেন, ‘উনারা কোনো সাপোর্ট দেবেন এমন কিছু বলেন নাই। উনাদের কী সাপোর্ট দেব, সেটা জানতে চেয়েছেন। যেমন তাঁরা আসবেন, দুই মাস আগে যদি আসেন, তাঁদের পাসপোর্টের বিষয় থাকে, এয়ারপোর্টে সাপোর্টের বিষয় থাকবে। ইকুইপমেন্ট লাগলে কোথায়, কীভাবে নিয়ে আসবেন—এসব বিষয়।’
ইইউ পর্যবেক্ষক দলের সফরটি ১৬ দিনের। ঢাকা সফর শেষে তারা ইইউ সদর দপ্তরে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইইউ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত নেবে।