ফেসবুক পোস্টে অবমাননা: যুবলীগ নেতাকে ২ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকোলাজ: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ার দায়ে এম এইচ পাটোয়ারী (বাবু) নামের এক যুবলীগ নেতাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধের দায়ে ওই যুবলীগ নেতার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এই রায় দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। তাঁর বাসা রাজধানীর মিরপুরের সেনপাড়ায়।

এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ বানোয়াট পোস্ট প্রচার করা হয়েছিল।

দণ্ডিত যুবলীগ নেতা ও তাঁর স্ত্রী আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ উপস্থিত ছিলেন। তাঁরা দুজনই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। রায় ঘোষণার পর যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারীকে কারাগারে নেওয়া হয়।