ছয় আসামির আগাম জামিন আবেদন ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

রাজশাহীতে টেলিভিশন লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধর করার ঘটনায় করা মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভান্ডাররক্ষক মো. জীবনসহ ছয় আসামির আগাম জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার আবেদনটি ফেরত দেন।

আহত ক্যামেরা পারসন রুবেল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে
ফাইল ছবি: প্রথম আলো

৫ সেপ্টেম্বর সকালে রাজশাহীর বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশন লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আবদুর রশীদসহ সাতজনের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলাটি করেন বুলবুল হাবিব। মামলার অন্য আসামিরা হলেন বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন (৪২), পিয়ন মো. সেলিম (৪১), প্রধান নির্বাহীর ব্যক্তিগত সহকারী নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য মো. এনামুল (৩৬), বিএমডিএর পিয়ন ফারুক (৪০) ও গাড়িচালক আবদুস সবুর (৪২)।

মামলায় বিএমডিএর নির্বাহী পরিচালক ছাড়া অপর ছয় আসামি আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালতে তাঁদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

পরে হেলাল উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ছয় আসামির আগাম জামিন চেয়ে করা আবেদনটি উপস্থাপন করা হলে আদালত শুনবেন না জানিয়ে আবেদনটি ফেরত দিয়েছেন। এখন অন্য বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ছয় আসামিকে আগাম জামিন দেননি। তাঁদের জামিন শুনানির জন্য আইনজীবী আরজি জানালে আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদনটি ফেরত দিয়েছেন।

আরও পড়ুন