এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেনছবি: সংগৃহীত

এবারের ঈদের সঙ্গে আগের ঈদের ভিন্নতা তুলে ধরলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।’

আজ শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

আমীর খসরু বলেন, ‘আমি মনে করি, আমাদের সকলের জন্য আজকে ঈদের আনন্দ তো আছেই। এই ঈদের আনন্দ একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে।’

মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আমীর খসরু বলেন, ‘এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যেটি আছে, এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি–ধর্মনির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরত ধারা চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।’