আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে প্রথমা প্রকাশনের করপোরেট বইমেলা
দেশের কর্মব্যস্ত অফিসগুলোয় বই পড়া ও বই কেনার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত করপোরেট বইমেলার আয়োজন করে আসছে প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর গুলশানে আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী করপোরেট বইমেলা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মেলার প্রথম দিনেই আইপিডিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই প্রথমা প্রকাশনের স্টলে পাঠকদের ভিড় জমে ওঠে। বই কেনার পাশাপাশি বিভিন্ন বই নিয়ে পাঠকদের আলোচনা ও আগ্রহে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যমুখর।
মেলার আয়োজনের জন্য প্রথমা প্রকাশনকে ধন্যবাদ জানিয়ে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম বলেন, ‘আইপিডিসি বরাবরই একটি কর্মিবান্ধব প্রতিষ্ঠান। কর্মীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে আইপিডিসি সব সময়ই উৎসাহ দিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় প্রথমা প্রকাশনের সঙ্গে এই উদ্যোগ কর্মীদের প্রাণচাঞ্চল্য আরও বাড়াবে বলে আমি মনে করি।’
আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এ বইমেলা চলবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্সের কর্মীরা মেলায় বই কেনার সুযোগ পাবেন।