মেয়রকে ‘কটূক্তি’র মামলায় কারাগারে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেন সুরক্ষা পরিষদের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম আদালতের সামনে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ‘কটূক্তি’ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ আদেশের পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে করদাতা সুরক্ষা পরিষদ। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরের কদমতলীতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের মানুষের পক্ষে কথা বলার কারণে নুরুল আবছারকে কারাগারে যেতে হলো, যা চট্টগ্রামবাসীর জন্য দুঃখজনক। তবে কারাগারে পাঠিয়ে এবং মামলা-হামলা করে গৃহকর আন্দোলন বন্ধ করা যাবে না। সিটি করপোরেশনের বর্ধিত গৃহকর কমানোর প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে।

করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মুহম্মদ আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে তিনি ২২ নভেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছিলেন। আজ সোমবার ছিল জামিন শুনানি। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী।

মেয়রের বিরুদ্ধে ‘মানহানিকর’ ও ‘হুমকিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে নগরের চান্দগাঁও থানায় মামলাটি করা হয়। ওই দিন রাতে সুরক্ষা পরিষদের তিন নেতার বিরুদ্ধে নগরের দুটি থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মেয়রের ব্যক্তিগত সহকারীর করা মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে সমাবেশ হয়। ওই সমাবেশে নুরুল আবছার মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। এতে তিনি মেয়রকে ‘গুন্ডা’ সম্বোধন করে সাবধান হয়ে যাওয়ার জন্য বলেন। তিনি বলেন, ‘উল্টাপাল্টা কথাবার্তা বললে তোমাকে (মেয়র) এই চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে।’