পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল, ভূমি থেকে উচ্ছেদ ও পাহাড়িদের ওপর অত্যাচার বাড়ছে। ইচ্ছেমতো জমি ইজারা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। এরই ধারাবাহিকতায় একাধিক রাবার কোম্পানির কাছে জমি ইজারা দেওয়া হয়েছে। এটি পার্বত্য চুক্তির লঙ্ঘন।
‘সংকটে লামার তিন জুমিয়া পাড়া’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আদিবাসীদের অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম আইপিনিউজ এর আয়োজন করে। আজ শুক্রবার বেলা ১১টায় এ আলোচনা সভা হয়।
বান্দরবানের লামা উপজেলায় রাবার কোম্পানির সঙ্গে স্থানীয় পাহাড়িদের ভূমি বিরোধই ছিল আজকের আলোচনার মূল বিষয়। গত ২৪ এপ্রিল লামার ডলুছড়ি মৌজার ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় ৪০০ একর জুম ভূমির ফসল ও গাছপালা পুড়িয়ে দেওয়া হয়। পাহাড়িদের অভিযোগ, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কোম্পানি এর নেপথ্যে ছিল। এরপর রেং ইয়েন ম্রো কার্বারিপাড়ার বাসিন্দা রেং ইয়ুং ম্রোর রোপণ করা প্রায় ৩০০টি কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটে।
সভায় বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, ‘১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। সেই চুক্তির যদি বাস্তবায়ন হতো, তাহলে আজ এ সমস্যার উদ্ভব হতো না। পাহাড়ের ভূমি কমিশন ও ভূমি বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি, যেটা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হওয়ার কথা ছিল। যদি সেটা হতো, তাহলে আজ এ পরিস্থিতির উদ্ভব হতো না। কাজেই, এখানে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির একটা সমস্যা আমরা লক্ষ করছি।’
জাকির হোসেন আরও বলেন, ‘ভূমি দখল, ভূমি উচ্ছেদ, আদিবাসীদের প্রতি অত্যাচার আমরা প্রতিদিনই লক্ষ করছি। সেখানে রাষ্ট্রের যে জোরালো ভূমিকা থাকা দরকার, সেটা আমরা লক্ষ করি না। রাবার কোম্পানির কাছে জমি ইজারা দেওয়ায় পার্বত্য চুক্তির লঙ্ঘন করা হয়েছে।’
আলোচনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজিম বলেন, ‘পাহাড়িরা যেসব জায়গা বসবাসযোগ্য করেছিলেন, সেসব জায়গা থেকে তাঁদের বারবার উচ্ছেদ করা হচ্ছে। তাঁদের বারবার স্থানান্তরে বাধ্য করা হচ্ছে।’
লামার সরই ইউনিয়নের স্থানীয় ম্রো যুবক প্রেন সাই ম্রো বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর রাবার কোম্পানির লোকজন কলাই ঝিরিতে বিষ প্রয়োগ করেন। এ ঝিরির পানি আশপাশের তিনটি গ্রামের মানুষ ব্যবহার করত। বিষ প্রয়োগের পর ২-৩ সপ্তাহ পর্যন্ত ঝিরির পানি খাওয়ার অযোগ্য ছিল।’
মামলা ও নিরাপত্তাহীনতার প্রসঙ্গে প্রেন সাই ম্রো আরও বলেন, ‘আমাদের ১৪ জনের নামে মামলা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যাঁদের নামে মামলা রয়েছে, তাঁরা বাড়িতে থাকতে পারছেন না। অনেকেই লুকিয়ে থাকছেন। পুলিশের আটক করার ভয়ে গ্রামের মানুষ বাজারে যেতেও ভয় পাচ্ছে।’
আলোচনা সভার সঞ্চালনা করেন আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ম্যাথিউ চিরান।