সমস্যার কথা তুলে ধরল শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী
গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে শিউলি আক্তার। সে জানাল, বাল্যবিবাহের কারণে তার এলাকার অনেক ছাত্রী ঝরে যায়। সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় যত ছাত্রী ছিল, তাদের অনেকে এখন দশম শ্রেণিতে নেই। শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির ব্যবস্থা করলে ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে ‘মিড ডে মিল’ চালু করার দাবিও তার।
রাজধানীর হাজারীবাগ এলাকার হেনা আক্তারের সমস্যাটি ভিন্ন। পড়ালেখার ইচ্ছা থাকলেও দশম শ্রেণিতে ওঠার পর পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। কারণ, মা–বাবার দারিদ্র্য। তখন বিয়েও হয়ে যায় হেনার। পরে স্বামীকে বুঝিয়ে আবার ভোকেশনালে (কারিগরি শিক্ষা) ভর্তি হয়। দুই বছরের এক সন্তানের জননী হেনা এখন উচ্চমাধ্যমিকের ছাত্রী। হেনার দাবি, নগরের নিম্ন আয়ের মানুষের জন্য বিনা খরচে পড়ার সুযোগ তৈরি করে দেওয়া হলে দরিদ্র পরিবারের স্বপ্নগুলো থেমে যেত না।
আজ রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে শিক্ষা নিয়ে কাজ করা গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই ছাত্রীর মতো দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের নিজেদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে। ‘শিক্ষা, জেন্ডার সমতা ও ন্যায্যতাভিত্তিক বাজেট: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় উপস্থিত বিশিষ্টজনেরা বললেন, শিক্ষার এসব সমস্যা সমাধান করতে হলে জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উত্থাপিত কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন। আর কিছু সমস্যা সমাধানে সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, উপবৃত্তি বাড়ানোর দাবির বিষয়টি নিয়ে তিনি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আর আসন্ন বাজেটে প্রতিবন্ধীদের ভাতা বাড়বে। ‘মিড ডে মিল’ পুনরায় চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এডুকেশন ওয়াচের চেয়ারপারসন কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দক্ষ জনবল সৃষ্ট করা শিক্ষার কাজ। সেখানে সংকট আছে।
আলোচনা সভা সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি আক্ষেপ করে বলেন, ‘শিক্ষার বাজেট নিয়ে কয়েক বছর ধরে একটি শিক্ষা আছে। সেই শিক্ষাটি হলো আমরা ক্রমাগত বলতে থাকি শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। আর ক্রমাগত দেখতে পাই শিক্ষা খাতে বিনিয়োগের হার যেখানে ছিল, সেখানেই আছে। টাকার অঙ্কে হয়তো বাড়ে। তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েনের জন্য প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ।
মূল উপস্থাপনায় শিক্ষার অগ্রগতি ও নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক। আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য আরমা দত্ত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, মালালা ফান্ডের এদেশীয় প্রতিনিধি মোশাররফ তানসেন, শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা শন কলিন্স।