সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া ব্যানার-পোস্টার নিষিদ্ধ
আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া যেকোনো ধরনের ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইতিমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পোস্টার ও ব্যানার লাগিয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী তিন দিনের মধ্যে তা অপসারণ করতেও অনুরোধ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি গতকাল মঙ্গলবারের সই করা।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তির ভাষ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সব রকম পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।