১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুবাইয়ে ১৪৭ কোটি টাকা পাচারের অভিযোগ
চট্টগ্রাম বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির আড়ালে গত ৩ বছরে ১৯টি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কমপক্ষে ১৪৭ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান ঢাকার আর ২টি চট্টগ্রামের।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে এসব ঘটনা জানা গেছে। গতকাল রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, মূলত কম মূল্য দেখিয়ে রপ্তানির আড়ালে অর্থ পাচারের এসব ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৪৪২টি চালানে রপ্তানি হওয়া তৈরি পোশাকের প্রকৃত মূল্য ছিল ১ কোটি ৭২ লাখ ডলার। কিন্তু রপ্তানিমূল্য দেখানো হয়েছে মাত্র ৩৪ লাখ ডলার। অর্থাৎ, রপ্তানিমূল্য বাবদ ১ কোটি ৩৮ লাখ ডলার গোপন করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪৭ কোটি টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ প্রথম আলোকে বলেন, অর্থ পাচারের বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট ১৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করা হবে।
উল্লেখ্য, এর আগে ১ হাজার ৭৯০টি চালানের আওতায় ৩৮৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অন্য চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় চারটি ফৌজদারি মামলা করা হয়েছে।