রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে, তাঁর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর।’
সরকারপ্রধান রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক ত্রিদেশীয় সফর সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য–বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন। বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া সাতটায় বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।