চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে সাময়িক বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকাল থেকে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে।

সকাল পৌনে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ করে।

ঘূর্ণিঝড় মোখার সতর্কসংকেত কমিয়ে আনার পর গতকাল রোববার রাত থেকে শাহ আমানত বিমানবন্দর সচল করার কাজ শুরু করে কর্তৃপক্ষ। রাতের মধ্যে বিমানবন্দরের রানওয়ে উড়োজাহাজ ওঠানামার উপযোগী করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ আজ প্রথম আলোকে বলেন, সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। সকাল ৬টা ৪৫ মিনিটে শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে।

ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।