বকেয়া বেতনের দাবিতে ইউনানি মেডিকেল কলেজের ৪২ শিক্ষক ও চিকিৎসকের কর্মবিরতি

বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মিরপুরে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করেন শিক্ষক ও চিকিৎসকেরাছবি: প্রথম আলো

সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অলটারনেটিভ মেডিকেল কেয়ার ইউনিটের ৪২ জন শিক্ষক ও চিকিৎসক ২২ মাসের বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

বুধবার মিরপুরে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কর্মবিরতি পালন করা শিক্ষক ও চিকিৎসকেরা বলেন, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৯৮৩ সালে দেশীয় চিকিৎসাপদ্ধতির উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে শুরু হয়। এখানে বিইউএমএস ও বিএএমএস দুটি কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে এই কোর্স দুটিতে ভর্তি হওয়ার সুযোগ পান। একাডেমিক ৫ বছর ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্নের পর সনদ পান। ২০১৪ ও ২০১৫ সালে তৃতীয় সেক্টর প্রোগ্রামের মাধ্যমে অলটারনেটিভ মেডিকেল কেয়ার অপারেশনাল প্ল্যানে এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ইউনানি শাখায় ১২ জন এবং আয়ুর্বেদিক শাখায় ১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালে চতুর্থ সেক্টর প্রোগ্রামে ইউনানি শাখায় ৯ জন এবং আয়ুর্বেদিক শাখায় ৪ জন শিক্ষক ও চিকিৎসক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই ৪২ জন শিক্ষক ও চিকিৎসক ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০–এর বেশি মেডিকেল কর্মকর্তা কর্মরত।

আন্দোলনরত শিক্ষক ও চিকিৎসকেরা বলেন, এর আগে তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানানো হলেও তা করা হয়নি। উপরন্তু ২২ মাস ধরে তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। যদিও তাঁরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।