উপাচার্য-কোষাধ্যক্ষ বদল হলে জবি থেকেই নিয়োগের দাবি শিক্ষক সমিতির
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনে কোনো রদবদল হলে এই প্রতিষ্ঠান থেকেই উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। বাইরের কাউকে এসব পদে দায়িত্ব দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের পদ সৃষ্টিরও দাবি জানিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইমরানুল হক।
লিখিত বক্তব্যে ইমরানুল হক বলেন, ২০০৫ সালে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’ পাসের মাধ্যমে জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অধ্যাপকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানের স্বকীয়তা ও অভ্যন্তরীণ বাস্তবতা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন অধ্যাপক উপাচার্য হিসেবে নিয়োগ পান। এটিকে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। নেতারা বলেন, প্রশাসনের উচ্চ পদে কোনো রদবদল হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই একাডেমিক উৎকর্ষ, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হতে হবে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যকর প্রশাসনের স্বার্থে সহ-উপাচার্যের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়ার পাশাপাশি সামগ্রিক উন্নয়ন, বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান শিক্ষক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দীন, সদস্য নাসির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।