টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনারের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ শুক্রবার প্রণয় ভার্মা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রণয় ভার্মার সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেছেন প্রণয় ভার্মা। এই মন্তব্যে তিনি বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের অংশীদারত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সমাধিসৌধ কমপ্লেক্সে অবস্থিত জাদুঘরও পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।
ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলছে। তাঁর গৌরবময় পরম্পরা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি আলোর দিশা।