‘এক দেশ এক রেট’ অমান্য করায় ৬৫ আইএসপিকে জরিমানা
সরকারের বেঁধে দেওয়া ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট ট্যারিফের অনুমোদন না নেওয়া এবং নির্ধারিত সময়ে আবেদন না করায় ৬৫টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার ভিন্ন দুটি নির্দেশনায় বিটিআরসি এ কথা জানিয়েছে।
সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য গত বছরের জুনে এক দেশ এক রেট ঘোষণা করে বিটিআরসি। ওই বছরের আগস্টে এক দেশ এক রেটের জন্য সেবামূল্য বা ট্যারিফ বেঁধে দেওয়া হয়। বিটিআরসির বেঁধে দেওয়া ট্যারিফের শর্তানুযায়ী, সব আইএসপিকে প্যাকেজ ও প্যাকেজের ট্যারিফের অনুমোদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ট্যারিফ অনুমোদন নেওয়ার নির্দেশ পাওয়ার পরও তা অমান্য করেছে এবং ট্যারিফের জন্য আবেদন করেনি—এমন আইএসপিদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে অপারেশন কার্যক্রম বন্ধ করাসহ ব্যান্ডউইডথ না দিতে নির্দেশ দেয় বিটিআরসি।
বিটিআরসি জানিয়েছে, ৪৫টি আইএসপি ট্যারিফ অনুমোদনের জন্য আবেদন করেনি এবং বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেনি। তাই এসব প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে জরিমানার টাকা জমা দিতে হবে। না হলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া আরেকটি নির্দেশনায় বিটিআরসি ২০টি আইএসপি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। বিটিআরসি জানিয়েছে, এই ২০ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ট্যারিফ অনুমোদনের জন্য আবেদন করেনি। ফলে তাদের অপারেশন কার্যক্রম বন্ধসহ ব্যান্ডউইডথ-সংযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে ভবিষ্যতে এমন ভুল না করার অঙ্গীকার করলে পরে তাদের অপারেশন কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়।