সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সাত সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র প্রদান করেন
ছবি: আইএসপিআর

প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সাত সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র (অপারেশনাল ও নন-অপারেশনাল) প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তাঁদের ইনসিগনিয়া পরিয়ে দেন সেনাপ্রধান।  

রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২০২২-২৩ অর্থবছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কারপ্রাপ্ত ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কাজের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। এ ছাড়া সরকারের শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে এ বছর ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের শক্ত মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁদের এই স্পৃহা সবার জন্য পাথেয়। বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যকে এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও এবং অন্য সৈনিকেরা উপস্থিত ছিলেন।