সাবেক এমপি সানজিদা খানম ও সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা–৪ আসনের সাবেক এমপি সানজিদা খানম ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। সুতরাং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
অপর আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খান, উদ্দীপন এনজিওর চেয়ারম্যান হিসেবে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ নিয়ে বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগগুলো অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন। অভিযোগসংশ্লিষ্ট নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।