পিরোজপুরে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণিত সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম।
বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটারবিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের গণিতভীতি কাটিয়ে গণিতে উৎকর্ষ অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন আকতার হোসেন। প্রতিযোগিতা শুরুর আগে জুলাই গণ–অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং একটি র্যালি অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্নোত্তর পর্বের শেষে বিকেল চারটায় ফল ঘোষণা করা হয়। বরিশাল অঞ্চলের সেরা ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। বিজয়ীরা আগামী ৫ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবেন।
বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ–ফরিদপুরের ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পর্বে অংশ নেন। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বরিশাল ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।