জিয়াউল আহসানের বিরুদ্ধে করা গুম-খুনের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। আগামীকাল মঙ্গলবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করার দিন ধার্য আছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্পচার করা হবে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ১৯ নভেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়েই এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি কারাগারে আছেন। কারাগার থেকে তিনি ভার্চ্যুয়ালি এই মামলার বিচারকাজে অংশ নেন।