টানা দুই দিন ডেঙ্গুতে মৃত্যুহীন দেশ

ডেঙ্গুফাইল ছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিন ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত তিন দিন এডিস মশাবাহিত এই রোগে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। তাঁদের মধ্যে ৩০ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে এবং ৭৩ জন ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডিসেম্বরের ২২ দিনে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ২৬৭ জন। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেছেন ১ হাজার ৬৯২ জন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ৭৪৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ১০ হাজার ৪১৫ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৫৩ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে। ওই মাসে ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়।

গত শতাব্দীর ষাটের দশকে দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরে সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।