তারেক-জোবাইদার মামলা: ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান আজ বুধবার তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, এ নিয়ে এ মামলায় ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আগামীকাল বৃহস্পতিবারও শুনানির দিন ধার্য রয়েছে।
আদালত সূত্র জানায়, আজ যে চারজন সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন কর অঞ্চল-৬-এর কর কমিশনার নাফিজ আহমেদ আখতার, উপকর কমিশনার মহিদুল ইসলাম, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা কাজী মইনুদ্দিন চিশতিয়া।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে দুপুর ১২টার দিকে বিএনপি সমর্থক আইনজীবীরা এ মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। তবে আজ বুধবার বেলা তিনটার দিকে মামলার শুনানির সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা আদালতের এজলাসকক্ষের সামনে যাননি। যদিও গত মঙ্গল ও বুধবার শুনানির আগে-পরে বিএনপির সমর্থক ও আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ ঘটনায় গত ৩০ মে (মঙ্গলবার) রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন এই জিডি করেন। জিডিতে বিএনপির সমর্থক ২৮ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে।