ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই উপপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী হলের সামনের সড়কে এ সংঘর্ষ শুরু হয়। চলে রাত ১টা পর্যন্ত। এতে উভয়পক্ষের আট নেতা–কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম আহত হয়েছেন।

বিবদমান এ দুই উপপক্ষ হচ্ছে সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস। সংঘর্ষের ঘটনায় এ দুই উপপক্ষের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করেছেন।

গত বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনের আসনে বসা নিয়ে তর্কের জেরে সংঘর্ষে জড়ায় এ দুই উপপক্ষের নেতা–কর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে রাতে দুই উপপক্ষের নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী হল থেকে শাহজালাল হলের আশেপাশের কয়েকটি সড়কবাতি ভাঙচুর করেন। দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া হয় দুই উপপক্ষের।রাত ১টার দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি আনে। সংঘর্ষে আহত নেতা–কর্মীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

চট্গ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক খোন্দকার মো. আতাউল গণি প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজন চিকিৎসা দিয়েছেন। তাঁদের সবাই ইটের আঘাতে আহত হয়েছেন। আহত একজনের মাথায় আঘাত বেশি থাকায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম। এ বিষয়ে চিকিৎসক খোন্দকার মো. আতাউল গণি বলেন, তাঁর (শহীদুল ইসলাম) চোখের পাশে ইটের আঘাত লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুই পক্ষে বিভক্ত। এক পক্ষের নেতা–কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ও আরেকটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেয়। এ দুই পক্ষের মধ্যে আবার ১১টি উপপক্ষ রয়েছে। বিবদমান সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস উভয় উপপক্ষই নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

ভার্সিটি এক্সপ্রেসের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী। আর সিক্সটি নাইনের নেতৃত্বে রয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

জানতে চাইলে প্রদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বিনা উসকানিতে সিক্সটি নাইনের নেতা–কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। তাঁরা এর পাল্টা জবাব দিয়ে প্রতিহত করেছেন। তিনি জানান, উভয় উপপক্ষের জ্যেষ্ঠ নেতারা মিলে বিষয়টি সমাধান করে নেবেন।

আরও পড়ুন

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে সিক্সটি নাইনের আরেক নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভার্সিটি এক্সপ্রেসের নেতা–কর্মীরা আগে হামলা চালিয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুই উপপক্ষের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।