দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে: সংসদে সেতুমন্ত্রী

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ১৯ ফেব্রুয়ারি ২০২৬; সড়ক পরিবহন মন্ত্রণালয়, ঢাকাছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সেতু কর্তৃপক্ষের মহাপরিকল্পনায় ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদ্যমান যমুনা সেতু সংকীর্ণ চার লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজট হচ্ছে, যা নিরসনে যমুনা নদীর ওপর একটি বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন।

দ্বিতীয় যমুনা সেতুর তিনটি অ্যালাইনমেন্টের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। সেগুলো হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা-জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যমুনা নদীর ওপর; গাইবান্ধার বালাসী ঘাট হতে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত বা অন্য কোনো উপযুক্ত করিডর।

সরকারি দলের সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় চারবার বাড়ানো হয়। কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের ব্যয় দুবার এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় একবার বাড়ানো হয়। প্রকল্পওয়ারী অনিয়ম–দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত কার্যক্রম চলমান।

শামছুর রহমান শিমুল বিশ্বাসের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ছয় লেন ও ১০২ কিলোমিটার মহাসড়ক আট লেনে উন্নীত করা হবে।

মন্ত্রী আরও বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলমান কোনো প্রকল্পই ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নেই।

রবিউল আলম বলেন, ডিএমটিসিএলের আওতায় বর্তমানে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দান রুট এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট।