সব মানুষের মধ্যেই থাকে সুরের প্রবাহ। কিন্তু সংগীতের প্রতি ভক্তি না থাকলে, বোধ ও চিন্তার দর্শন না থাকলে সুর তৈরি হয় না। সুর তৈরির জন্য চাই আত্মনিবেদন। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার পালিত হয় বিশ্ব সংগীত দিবস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে হয় এ অনুষ্ঠান।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্ব দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ফরাসি লালন গবেষক দেবরাহ জান্নাত নিজ দেশের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, সংগীত হলো নিজের আত্মার স্পন্দন। তাঁর মতে, সংগীতের প্রতি ভক্তি না থাকলে, বোধ ও চিন্তার দর্শন না থাকলে সুর তৈরি হয় না।
লেবাননের জনপ্রিয় কণ্ঠশিল্পী তারা মালেউফ ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। বিশ্ব সংগীত দিবসে বাংলাদেশে এ ধরনের আয়োজন করায় শুভেচ্ছা জানিয়ে তিনি পরিবেশন করেন বাংলা গান, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি’।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, প্রতে৵ক মানুষের অন্তরে রয়েছে সুরের প্রবাহ। রবীন্দ্রনাথ বলে গেছেন গান শুধু গান নয়, এটি একটি উপাসনাও।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হয় সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিচালক মো. মনিরুজ্জামানের পরিচালনায় সমবেত যন্ত্রসংগীতে হয় ‘পূর্ব পশ্চিম’ নামে সংগীত পরিবেশনা। ‘আকাশ ভরা সূর্যতারা’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। একক সংগীত পরিবেশন করেন নকিব খান। ৫ মিনিটের সমবেত সংগীত (আধুনিক) পরিবেশন করেন শিল্পীরা। এরপর হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’।
খুরশীদ আলম পরিবেশন করেন সিনেমার গান ‘বন্দি পাখির মতো’। ‘তুমি লাল সবুজের দেশ’ সংগীত পরিবেশন করেন জাপানের শিল্পী মাএ ওয়াতানাবে। উদয়শঙ্কর ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুল হাসনাত জিলানী ও তানজিনা তমা।
সংগীত দিবসের সূচনা হয়েছিল ইউরোপে, মূলত ফ্রান্সে। সেখানে এই উৎসবের নাম দেওয়া হয় ‘ফেট ডে লা মিউজিক’। যার অর্থ ‘বিশ্বজুড়ে সংগীতের দিন’। ১৯৮২ সালে বিশেষ এই সংগীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে পরিচিতি লাভ করে। সংগীতের সুরে বিশ্বব্যাপী শান্তি ও ইতিবাচক চিন্তা ও দর্শনকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মেলবন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়।