গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুরসহ ঘনিষ্ঠদের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তাঁর পরিবার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ৪১টি ব্যাংক হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে উপপরিচালক আলমগীর হোসেন অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান কিরণ, তাঁর পরিবার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।
আবেদনে বলা হয়, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবগুলোয় টাকা জমা রেখেছেন। যেকোনো সময় অর্থ তুলে নিয়ে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। সে জন্য তাঁদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।