দীর্ঘ অপেক্ষার পরও ওএমএসের চাল পাননি অনেকেই
চট্টগ্রামে খোলা বাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে আসা মানুষের ভিড় যেন কিছুতেই কমছে না। চালের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককেই। তবুও মিলছে না চাল। সোমবার চট্টগ্রামের নগরের আগ্রাবাদ বেপারি পাড়া এলাকায় ওএমএসের চাল না পেয়ে ফেরত যেতে হয়েছে অন্তত ৩০ জন মানুষকে।
সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বেপারিপাড়া এলাকায় গিয়ে দেখা গেল, ওএমএসের ট্রাকের সামনে চাল কিনতে দাঁড়িয়ে আছেন ৪০ থেকে ৪২ জন। ট্রাকে তখন চাল বাকি ছিল ৫০ কেজি। লাইনে দাঁড়ানো ১০ জন ৫ কেজি করে চাল নিতেই শেষ হয়ে গেল সেই চাল। চাল পাবেন না, তাই খালি হাতে ফেরত গেছেন অনেকে। তাঁদের কেউ কেউ অপেক্ষা করেছেন আড়াই ঘণ্টা, কেউ তিন ঘণ্টা।
ট্রাকের সামনে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলেন মাঝবয়সী পাখি বেগম। কিন্তু চাল পাননি। লাইন থেকে বেরিয়ে এসে তিনি বলেন, কলেজপড়ুয়া মেয়ে নিয়ে টানাটানির সংসার তাঁর। অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। স্বল্প আয়ে সংসার চালানো কঠিন। তাই ওএমএসের ট্রাক থেকে চাল কিনতে সকাল সাড়ে নয়টার আগে লাইনে দাঁড়ান তিনি। অপেক্ষা করেও চাল পাননি। আগেই চাল শেষ হয়ে যায়।
পাখি বেগম বলেন, এর আগে তিনদিন এসেছিলেন। কিন্তু চাল পাননি। যদিও তখন আসতে কিছুটা দেরি হয়েছিল তাঁর। এবার আগে এসেও চাল পেলেন না।
চাল না পেয়ে খালি ব্যাগ হাতে ফেরত যাচ্ছিলেন লাকি আক্তার। তিনি বলেন, চার বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সকাল ৯টার আগে এসে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাল না কিনে বাড়ি ফিরতে হচ্ছে।
কান্নাভেজা কণ্ঠে লাকি আক্তার জানান, মা-বাবা, ভাই ও সন্তান নিয়ে তাঁর বড় সংসার। চাল না পাওয়ায় খরচ বাড়বে এই মাসে। কীভাবে সামলাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
আগ্রাবাদ বেপারি পাড়া এলাকার ওএমএস ডিলার মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিদিন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওএমএসের চাল কিনতে ভিড়ও বাড়তে থাকে। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়ান। ট্রাকের বরাদ্দ বাড়ানো হলে কাউকে খালি হাতে ফেরত যেতে হবে না।
এই বিষয়ে চট্টগ্রামের খাদ্য পরিদর্শক বিধান বড়ুয়া প্রথম আলোকে বলেন, বর্তমানে ট্রাকপ্রতি বরাদ্দ ২ মেট্রিক টন চাল। সোমবার ৪০০ মানুষ চাল পেয়েছেন। বরাদ্দ বাড়ানো হলে যাঁরা ফেরত যাচ্ছেন, তাঁদেরও চাল দেওয়া সম্ভব হবে।