অন্য মায়েরাও বলুক, ‘ও আমারই সন্তান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা রেহানা বেগমের সঙ্গে হোচিমিন ইসলাম
ছবি: জাহিদুল ইসলাম সজিব

৫৫ বছর বয়সী রেহানা বেগমের মুঠোফোনে কল করি। কল ধরতেই জানতে চাই, ‘আপনি কি হোচিমিন ইসলামের মা বলছেন?’ জবাব আসে, ‘হ্যাঁ, বলছি।’

হোচিমিন ট্রান্সজেন্ডার নারী। রেহানা বলেন, ‘অনেকে আমাকে হিজড়ার মা বলে কটূক্তি করে। মানুষের আজেবাজে কথা শুনে একসময় মন খারাপ হতো। কিন্তু এখন আর মন খারাপ হয় না। সোজাসুজি বলি, হ্যাঁ, হোচিমিন আমারই মেয়ে।’

হোচিমিনের জন্ম ও পড়াশোনা বগুড়ায়। তিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত।

৭ আগস্ট মা রেহানার সঙ্গে হাসিমুখের ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেন হোচিমিন। পোস্টে তিনি লিখেছেন, ‘চরম চড়াই-উতরাই পেরিয়ে আমার মা এসেছিলেন আমার বাড়িতে, বসেছিলেন আমার পাশে, ঢাকার রাস্তায় হেঁটেছিলেন আমার সঙ্গে! এ দেশের একজন ট্রান্সজেন্ডার কন্যা হিসেবে এর চেয়ে বড় সাফল্য আমি আর কিছুই দেখি না!’

হিজড়া-ট্রান্সজেন্ডার সন্তান নিয়ে খোদ পরিবারের মধ্যেই ‘ট্যাবু’ আছে। এই থেকে ‘ট্যাবু’ থেকে বেরিয়ে এসেছেন হোচিমিনের মা রেহানা। তিনি একসময় হোচিমিনকে দূরে ঠেলে দিয়েছিলেন। কিন্তু পরে আবার কাছে টেনে নিয়েছেন।

পোস্টে হোচিমিন তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন—ট্রান্সজেন্ডার মানে, হিজড়া মানে—বাড়ি থেকে, মায়ের কোল থেকে বিতাড়িত! লম্বা একটা সময় ছিল, মায়ের সঙ্গে তাঁর কথা হতো না। কোনোরকম যোগাযোগও হতো না। তিনি তখন সবকিছু থেকে বিতাড়িত। পরিবার, বন্ধু, আত্মীয়, স্বজন—সবকিছু থেকে। পাড়ার লোকেরা তাঁর সহজ-সরল মায়ের, বোনের জীবন অতিষ্ঠ করে ছেড়েছিল। তাঁর মা বাড়ি থেকে বের হতেন না। কান্না করে দিন পার করতেন। দিনের পর দিন না খেয়ে থাকতেন।

হোচিমিন লিখেছেন, লজ্জায়, অসম্মানে ঘরবন্দী মা-বোন এক দিন ঘুরে দাঁড়ান। তাঁর মা পাড়ার লোকেদের মুখে ওপর বলে দেন, ‘ওটাই আমার সন্তান। ওকেই আমি পেটে ধরেছি।’

হোচিমিন ইসলাম বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত
ছবি: ফেসবুক থেকে নেওয়া

হোচিমিন লিখেছেন, ‘কত কত দিন শেষ বিকেলে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতাম, কোনো দিন কি পারব আমি আমার মায়ের কোলে ফিরে যেতে? পারব কি মায়ের পাশে দাঁড়িয়ে তাঁর কন্যার মর্যাদা নিয়ে ছবি তুলতে? চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ত জল! দীর্ঘ নিশ্বাসকে সঙ্গী করে সরিয়ে নিতাম চিন্তাগুলো।’

হোচিমিনের প্রত্যাশা, অন্য হিজড়া-ট্রান্সজেন্ডারদের মা–বাবারাও তাঁদের সন্তানদের বুকে টেনে নিক। পরিবারগুলো তাঁদের ডেকে নিক।

হোচিমিন লিখেছেন, ‘সন্তান তো সন্তানই, সে যেটাই হোক তাঁর জেন্ডার। মা, বাবা, বোন, ভাইদের কাছে জেন্ডার সম্পর্কের বাধা হয়ে না দাঁড়াক। সমাজ বদলে যাক।’

হোচিমিনের মতে, ট্রান্সজেন্ডার একটি সামাজিক শব্দ। সামাজিক প্রক্রিয়া ও চিকিৎসাবিদ্যার মিশেলে ‘ট্রান্সজেন্ডার’ নামে নতুন একটি মানুষের জন্ম হয়। এ ক্ষেত্রে আসলে ব্যক্তি নিজেকে কোনো পরিচয়ে পরিচিত করতে চান, সেটাই বড় কথা।

হোচিমিন বলেন, তাঁর মা ঢাকায় তাঁর বাসায় এসে রান্না করেন। বাইরে হাঁটতে যান। খেতে যান। হাসিমুখে ছবি তোলেন। বাড়ির মালিকসহ আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে গল্প করেন।

হোচিমিনকে নিয়ে তাঁর মায়ের একসময় নেতিবাচক ধারণা ছিল। এ প্রসঙ্গে হোচিমিন বলেন, ‘মা ভেবেছিলেন, আমার বাসা, স্বাভাবিক জীবনযাপন বলে কিছু থাকবে না। তবে আমার বাসায় এসে মা দেখেন, সব গোছানো। আমি পড়াশোনা করেছি। এখন চাকরি করছি। সবই আমি করছি।’

মুঠোফোনে হোচিমিনের মা রেহানা বলেন, ঢাকায় মেয়ের বাসায় এসে তাঁর অনেক ভালো লেগেছে। তিনি আবার আসবেন। তাঁর অপর মেয়ে ও মেয়ের স্বামী হোচিমিনকে স্বাভাবিকভাবে নিয়েছেন। তাঁকে আগলে রাখছেন।

২০১৮ সালে হোচিমিন বগুড়া থেকে ঢাকায় আসেন। ২০১৯ সালের শেষে দিকে ট্রান্সজেন্ডার পরিচয়ে পরিচিত হওয়া শুরু করেন।

২০২১ সালের মাঝামাঝি হোচিমিন প্রথম শাড়ি পরে নিজের পরিচয়ে বাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। তারপর মা ঢাকায় তাঁর বাসায় দুবার এসেছেন।

হোচিমিন জানান, তিনি যখন নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে ঘোষণা দেন, তখন তাঁর পরিবারকে একঘরে করে রাখা হয়। তাঁর পরিবারকে নানাভাবে হয়রানি করা হয়। কেউ কেউ সম্পত্তি দখলের পাঁয়তারা করে। এসব কারণে মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়। তবে তিনি দমে যাননি। পুলিশ, সাংবাদিক, বন্ধুদের সমর্থনে প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে হয়রানিকারী ব্যক্তিরা পিছু হটে। ধীরে ধীরে মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো হতে থাকে।

হোচিমিন প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট দেওয়া নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম। ভাবছিলাম, এ ছবি দিলে লোকজন আবার উল্টোপাল্টা কিছু বলে কি না। পরে মনে হলো, আমার মা আমার কাছে এসেছেন। তিনি আমাকে মেনে নিয়েছেন। সবার কাছে তিনি গর্ব নিয়েই তা বলছেন। তো মা-মেয়ের ছবি দিতে সমস্যা কি! মা-মেয়ের এই স্বাভাবিক সম্পর্ক সবাইকে জানানো দরকার। এতে অন্যরা বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে পারবেন। এভাবে পরিবর্তনটা আসতে পারে।’

মুঠোফোনে কথা বলতে বলতে রেহানা ফিরে যান অতীতে। তিনি বলেন, হোচিমিন ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল। তিনি বিষয়টি বুঝতে পারতেন। সে বাজারে গিয়ে লাল স্যান্ডেল, লিপস্টিক কিনতে চাইত। প্রথমে ভেবেছিলেন, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেল, তেমনটা হয়নি। এ অবস্থায় তিনি হোচিমিনের সঙ্গে রাগারাগি করতেন। শাড়ি-চুড়ি কেড়ে নিতেন। হোচিমিনকে মাঝেমধ্যে মারতেনও। তারপর একসময় হোচিমিন বাড়িই ছেড়ে যায়। একপর্যায়ে তাঁকে হোচিমিন বোঝাতে সক্ষম হয়, ছেলে হিসেবে তাঁর জন্ম হলেও তিনি মানসিকভাবে নিজেকে মেয়ে মনে করেন। তিনি একা নন, তাঁর মতো এমন মানুষ আরও আছেন।

হোচিমিন ইসলামের প্রত্যাশা, অন্য হিজড়া-ট্রান্সজেন্ডারদেরও পরিবার গ্রহণ করুক
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভিয়েতনামের বিপ্লবী নেতা হোচিমিনের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছিলেন বাবা। শারীরিক গঠনে ছেলেই ছিলেন হোচিমিন। কিন্তু তাঁর মনটা ছিল নারীর। ধীরে ধীরে নারীতে রূপান্তরিত হন তিনি। তবে প্রয়াত বাবার রাখা নামটি তিনি আর পরিবর্তন করেননি।

বাধাবিঘ্ন উপেক্ষা করে হোচিমিন এগিয়ে চলছেন। বাংলাদেশসহ ১৪টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর করেছেন তিন। সেখানে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী পরিচয়েই পড়াশোনা করেছেন। নার্সিং পেশায় ঢুকেছেন একই পরিচয়ে। হোচিমিন ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে একটি ফেলোশিপে অংশ নিতে ১৯ আগস্ট এক মাসের জন্য যুক্তরাষ্ট্র যাবেন তিনি।

হোচিমিন বলেন, ‘হিজড়া বা ট্রান্সজেন্ডার ব্যক্তিরা অনেকাংশেই পরিবারকে পাশে পায় না। তাই তাঁদের নিয়ে ট্যাবুও কাটে না। এ অবস্থায় আমি আমার মায়ের ট্যাবু ভাঙার গল্পটা সবার কাছে বলতে চেয়েছি। আমার মতো অন্যদের মায়েরাও জোর গলায় বলুক, “ও আমারই সন্তান।”’