চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানফাইল ছবি: বাসস

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র–সরকারপ্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনা প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এই নৈশভোজে অংশ নেন।

নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টেনেগ্রোর মিলোজকো স্পাজিচ, কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে। তাঁরা একসঙ্গে ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।

মাহ্‌দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।