বেড়েছে পশুর দাম, কোরবানি কম 

২০২২ সালে ৯৯ লাখ ৫৫ হাজার পশু কোরবানি হয়, যা ২০১৯ সালের চেয়ে সাড়ে ৬ লাখ কম।

■ দেশ এখন কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ। পশু উদ্বৃত্তও থাকছে। 

■ গত তিন ঈদে কোরবানির পশু উদ্বৃত্ত ছিল ৭৪ লাখের বেশি।

■ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আর্থিক সংকটে পড়ে বহু মানুষ কোরবানি দিতে পারছেন না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গবাদিপশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। শুধু তা–ই নয়, কয়েক বছর ধরে কোরবানির পশু উদ্বৃত্ত থাকছে বলে দাবি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। তবে গত কয়েক বছরে দেশে পশু কোরবানির সংখ্যা কমেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থনৈতিক সংকটের কারণে মানুষের সক্ষমতা কমেছে। অন্যদিকে বেড়েছে গবাদিপশুর দাম। মূলত এ দুই কারণে দেশে পশু কোরবানি কমেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে পবিত্র ঈদুল আজহায় ১ কোটি ৬ লাখের বেশি পশু কোরবানি হয়। এর চেয়ে ১১ লাখ ৬৪ হাজার পশু কম কোরবানি হয় ২০২০ সালে। এরপরের বছর ২০২১ সালে আরও সাড়ে ৩ লাখ কমে কোরবানি হয় প্রায় ৯১ লাখ পশু। অবশ্য ২০২২ সালে কিছুটা বেড়ে ৯৯ লাখ ৫৫ হাজার পশু কোরবানি হয়েছে। যদিও ২০১৯ সালের তুলনায় ২০২২ সালের প্রায় ৬ লাখ ৬০ হাজার পশু কম কোরবানি হয়েছে।

অবশ্য করোনা মহামারির আগে কোরবানির চিত্র ছিল উল্টো। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৭, ২০১৮ ও ২০১৯—এই তিন বছরই ধারাবাহিকভাবে পশু কোরবানি বেড়েছিল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতবার দেখা গেছে, বড় গরু অবিক্রিত ছিল। বাজারে ছোট গরু পাওয়া যায়নি। এর একটাই মাত্র কারণ মানুষের হাতে টাকা ছিল না।

আরও পড়ুন

কেন উদ্বৃত্ত থাকছে

একসময় কোরবানির পশুর বড় উৎস ছিল ভারত। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশটি থেকে গরু আমদানি বন্ধ হয়ে যায়। এই সংকট কাটাতে সরকার দেশের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে নানা ধরনের উদ্যোগ নেয়। এখন প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, দেশ এখন কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ। পশু উদ্বৃত্তও থাকছে। ফলে দেশের খামারিদের টিকিয়ে রাখতে পশু আমদানিতে অধিদপ্তর বিধিনিষেধও আরোপ করেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যে দেখা যায়, দেশে কোরবানির পশু আগেও উদ্বৃত্ত থাকত। তবে ২০২০ সাল থেকে বেশি উদ্বৃত্ত থাকছে। ২০১৯ সালে যেখানে প্রায় পৌনে ১২ লাখ পশু উদ্বৃত্ত ছিল, সেখানে ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৪ লাখে। গত তিন ঈদে কোরবানির পশু উদ্বৃত্ত ছিল ৭৪ লাখের বেশি।

গত বছর ৬০০ কেজি ওজনের যে ষাঁড় ৩ লাখে বিক্রি করেছি, এবার সেই প্রাণী বিক্রি করছি ৪ লাখে
বগুড়ার ভান্ডার অ্যাগ্রোর মালিক তৌহিদ পারভেজ

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একদিকে আর্থিক সংকটে পড়ে বহু মানুষ কোরবানি দিতে পারছেন না, অন্যদিকে কোরবানি কমলেও কোরবানিযোগ্য পশু প্রতিবছরই এক থেকে দুই লাখ করে বাড়ছে। এ ছাড়া মিয়ানমার থেকে দেশে অনেক গরু দেশে আসে। মূলত এসব কারণে মূলত উদ্বৃত্ত বেশি থাকছে।

করোনার কারণে অনেক মানুষই কোরবানি দিতে পারেননি। এমন একজন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শিবরামপুর গ্রামের রাশেদুল ইসলাম। তিনি করোনার আগে কোরবানি দিয়েছেন। রাশেদুল প্রথম আলোকে বলেন, ‘আমার ফিশারির (মাছচাষ) ব্যবসা আছে। করোনা শুরু হলে দুই থেকে আড়াই লাখ টাকা লোকসান হয়। সে জন্য আর কোরবানি দিতে পারি নাই। তবে এবার দেওয়ার ইচ্ছা আছে।’

কোনো কোনো ক্ষেত্রে ঢাকায় কোরবানির আগের রাতে হাটে পশুর সংকট দেখা দেয়। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, অনেক সময় প্রচারিত হয়, ঢাকার হাটে অনেক কোরবানির পশু এসেছে। তখন অনেক খামারিই ঝামেলা করে ঢাকার বাজারে পশু আনতে চান না।

কয়েক বছর ধরেই পশুর দাম বেশি। এবার পশুখাদ্যের দামও বেড়েছে। বিদ্যুৎ বিলসহ নানা খাতেও বাড়তি খরচ যোগ হয়েছে। ফলে খামারিরা বলছেন, এবার পশুর দাম আরও বাড়তে পারে।

এবার আরও দাম বাড়তে পারে

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর প্রতিবছর পশু কোরবানি বেড়েছে ৫ থেকে ১০ ভাগ হারে। বাড়তে বাড়তে একপর্যায়ে কোরবানি দেওয়া পশুর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। তবে ২০২০ সাল থেকে পশু কোরবানি দেওয়া আগের বছরের তুলনায় কমে যায়। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও দেশের অভ্যন্তরে নানা সংকটের কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে বিপাকে পড়ে।

অন্যদিকে কোরবানির পশুর দামও সাম্প্রতিক বছরগুলোয় অস্বাভাবিক হারে বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটে ২০২০ সাল পর্যন্ত বাজারদরের তথ্য পাওয়া যায়। তাতে দেখা যায়, ২০২০ সালের ১৭ মে গরুর মাংসের সর্বোচ্চ দাম ছিল ৬০০ টাকা। ২০২৩ সালের ১৭ মে গরুর মাংস সর্বোচ্চ বিক্রি হয়েছে ৭৮০ টাকায়। ২০২০ সালের একই দিনে খাসির মাংস সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হলেও ২০২৩ সালের সেই দিনে তা বিক্রি হয়েছে সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকায়।

কয়েক বছর ধরেই পশুর দাম বেশি। এবার পশুখাদ্যের দামও বেড়েছে। বিদ্যুৎ বিলসহ নানা খাতেও বাড়তি খরচ যোগ হয়েছে। ফলে খামারিরা বলছেন, এবার পশুর দাম আরও বাড়তে পারে।

ইতিমধ্যে কোরবানির পশু বিক্রি শুরু হয়ে গেছে। বগুড়ার ভান্ডার অ্যাগ্রোর মালিক তৌহিদ পারভেজ গত সোমবার জানান, তাঁর খামারের ১০০টি ষাঁড়ের মধ্যে ৬০টি বিক্রি করেছেন। এ ছাড়া তাঁর খামারের সাতটি দুম্বার ছয়টি এবং ছয়টি ছাগলের একটি বিক্রি হয়েছে।

 এবার দাম একটু বেশি উল্লেখ করে তৌহিদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘গত বছর ৬০০ কেজি ওজনের যে ষাঁড় ৩ লাখে বিক্রি করেছি, এবার সেই প্রাণী বিক্রি করছি ৪ লাখে।’

কোরবানি বেশি হওয়ার সম্ভাবনা কম

প্রতিবছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এবার এখনো তা প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতবারের চেয়ে এবার এক থেকে দুই লাখ কোরবানিযোগ্য পশু বাড়তে পারে। 

ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন মনে করেন, এবার খামারগুলোয় ভালো পশু বিক্রি হচ্ছে। তা ছাড়া এবার নির্বাচনী বছর। এসব কারণে মনে হচ্ছে, এবার কোরবানি বাড়তে পারে।

তবে বাংলাদেশ ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আল মদিনা ক্যাটলের মালিক রমজান আলী মনে করেন এবারও কোরবানি বেশি হওয়ার সম্ভাবনা কম। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘কেউ কেউ পশু বেশি বিক্রি হচ্ছে দাবি করলেও আমার বেশি বিক্রি হচ্ছে না। তা ছাড়া এবারও মানুষের আর্থিক অবস্থা খারাপ। মাংসের দামও বাড়তি। সব মিলিয়ে মনে হচ্ছে, কোরবানি বেশি হওয়ার সম্ভাবনা কম।’