বাংলাদেশ বা ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে ইতিহাসচর্চা কঠিন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বাঙালিরা উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। সেখানে তাঁরা ইতিহাসের এমন অনেক বিষয় নিয়ে গবেষণা করতে পারছেন, যা নিজেদের দেশে বসে করা সম্ভব নয়। প্রবাসে বাঙালির এই নতুন পরিসরকে ‘তৃতীয় বাংলা’ উল্লেখ করে ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী বলেন, এই ধারার মাধ্যমে বাংলার ইতিহাসের আলোচনা বিদ্যাচর্চায় নতুন দিশা পেতে পারে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের লরেন্স এ কিম্পটন ডিস্টিংগুইশড সার্ভিস অধ্যাপক এবং নিম্নবর্গের ইতিহাস–রচয়িতাদের অন্যতম পুরোধা দীপেশ চক্রবর্তী গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে এক আলাপচারিতায় এসব কথা বলেন। তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে প্রথম আলো কার্যালয়ে আসেন। তাঁর সঙ্গে আলোচনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকার লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন। আলোচনা শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দীপেশ চক্রবর্তী। আলোচনার সঞ্চালক ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি দীপেশ চক্রবর্তীর গবেষণার নানা দিক তুলে ধরেন।
দীপেশ চক্রবর্তী বলেন, পৃথিবীর বাংলাভাষী জনগোষ্ঠীর ৭০ শতাংশ মুসলমান। কিন্তু বাঙালির ইতিহাস–গবেষণার গরিষ্ঠ অংশ বাঙালি হিন্দু ইতিহাসবিদের হাতে রচিত হয়েছে। সে ইতিহাসে বাঙালি মুসলমান জনগোষ্ঠীর নিজস্ব জীবনাচরণ, সংস্কৃতি ও আকাঙ্ক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য বেশি জায়গা পায়নি। বাংলাভাষী জনগোষ্ঠীর ইতিহাস ও সমাজকে বোঝার জন্য শূন্যতা পূরণ হওয়া দরকার।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির পার্থক্য তুলে ধরতে গিয়ে দীপেশ চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো সুদর্শন অভিনেতারা মূলত তাঁদের তারকা ইমেজের ভূমিকায় অভিনয় করেন। বাংলাদেশের অভিনেতারা দেখতে প্রথাগত নায়কদের মতো নন। কিন্তু চলচ্চিত্র ও নাটকে গল্পের চরিত্রের ভূমিকায় সাবলীল অভিনয় করে পশ্চিমবঙ্গে তাঁরা জনপ্রিয়তা পাচ্ছেন। অভিনয়ের এই রীতি দৃষ্টিগ্রাহ্যভাবে আলাদা।
জলবায়ু পরিবর্তন নিয়ে দীপেশ চক্রবর্তী তাঁর সাম্প্রতিক গবেষণার বিষয়ও তুলে ধরেন। শ্রমিক শ্রেণির ইতিহাস থেকে শুরু করে বামপন্থী রাজনৈতিক আন্দোলন ও পশ্চিমা চিন্তা নিয়ে নিজের পর্যালোচনামূলক গবেষণার প্রেক্ষাপটও তুলে ধরেন এই ইতিহাসবিদ।
আলোচনায় প্রথম আলোর সাংবাদিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ ও আলতাফ পারভেজ।