পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ

এস এ এম মাহফুজুর রহমানছবি: ইউএনবি থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘স্পিচ রাইটার’ হিসেবে নিয়োগ পেয়েছেন এস এ এম মাহফুজুর রহমান। তিনি বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক। এ ছাড়া চার সাংবাদিককে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। সবাইকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

‘স্পিচ রাইটার’ মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া উপ–প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম, বাংলা ভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা এবং সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বাধীন । তাঁরা জাতীয় বেতন স্কেলের গ্রেড–৪ অনুযায়ী বেতন পাবেন।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে দুজনকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন কে এম নাজমুল হক এবং আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আতিকুর রহমান রুমন।