রাসায়নিকের বস্তায় মিলল ১৭ লাখ ব্যাটারি ও ১৮ মেট্রিক টন তালা

ক্যালসিয়াম কার্বনেটের সাদা পাউডারের বস্তার ভেতরে কার্টনে ছিল ব্যাটারি আর তালা
ছবি: সংগৃহীত

ক্যালসিয়াম কার্বনেটের সাদা পাউডারের জাম্বু ব্যাগ। ব্যাগ কেটে শুরুতেই পাওয়া যায় সাদা পাউডার। হাত দিয়ে পাউডার সরিয়ে ব্যাগের মাঝ বরাবর খালি করতেই দেখা মিলল কার্টন। সেই কার্টনে আছে পেনসিল ব্যাটারি ও তালা। চীন থেকে আমদানি করা তিনটি কনটেইনার থেকে এভাবে একে একে উদ্ধার করা হলো ১৭ লাখ পিস পেনসিল ব্যাটারি ও ১৮ মেট্রিক টন তালা।

গতকাল সোমবার বন্দর চত্বরে এই তিন কনটেইনার খোলা হয়। ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় কাস্টমস কর্তৃপক্ষ সন্দেহজনক হিসেবে চালানটির খালাস স্থগিত করেছিল। কনটেইনার খুলে পরীক্ষার সময় সন্দেহ যে সঠিক ছিল, তা প্রমাণিত হলো।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্রতিষ্ঠান হেনস ট্রেড ইন্টারন্যাশনাল ক্যালসিয়াম কার্বনেট আমদানির নথি জমা দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির চালান থেকে পেনসিল ব্যাটারি ও তালা উদ্ধার হওয়ায় রাজস্ব ফাঁকির মামলার মুখে পড়তে হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুল্ক ফাঁকি দিতেই ক্যালসিয়াম কার্বনেটের চালানে উচ্চ শুল্কের ব্যাটারি ও তালা নিয়ে এসেছে আমদানিকারক। আমদানিকারক এই চালানটিতে ৫ কোটি টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করেছিল।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকিসহ মুদ্রা পাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে। রাজস্ব ফাঁকির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।