স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী
রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বুধবার, বেলা ২টা। হাসপাতাল ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের একটি কাউন্টার। তার সামনে রাখা একটি ট্রলি। চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে চোখ আটকে গেল ট্রলিটিতে।
ট্রলিতে রাখা একটি মরদেহ। পুরোনো কাঁথা দিয়ে ঢাকা। পেটের অংশ অনেকটা ফুলে আছে।
পাশে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। পরিচয় দিয়ে নাম জানতে চাইলে বললেন, বাসির। বাড়ি কুমিল্লায়। পেশায় অটোরিকশাচালক তিনি। মরদেহটি তাঁর স্ত্রী রুবি আক্তারের। ক্যানসারে আক্রান্ত ছিলেন রুবি।
বাসির জানালেন, স্ত্রীর মরদেহ কুমিল্লার বাড়িতে নিয়ে যাবেন। অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন। ভাড়া সাড়ে ৬ হাজার টাকা।
কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে মরদেহটি তোলা হয়। বাড়ির পথে রওনার আগে বাসির জানালেন, মাস দুয়েক আগে তাঁর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখিয়েছেন। হাসপাতালে ঘুরতে ঘুরতে, নানা পরীক্ষা–নিরীক্ষাসহ চিকিৎসায় প্রায় চার লাখ টাকা খরচ হয়ে গেছে।
শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে দুই দিন আগে স্ত্রী রুবিকে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এনে ভর্তি করিয়েছিলেন বাসির। তিনি বলেন, এর মধ্যেই চলে গেলেন রুবি।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্ত্রীর চিকিৎসার জন্য মহাখালীতে একটি বাসাও ভাড়া নিয়েছিলেন বলে জানালেন বাসির। তিনি বলেন, বাসাটির দৈনিক ভাড়া ছিল ৫০০ টাকা।
বাসির–রুবি দম্পতির পাঁচ ছেলে–মেয়ে। বড় সন্তানের বয়স ২৪ বছর, ছোট সন্তানের ১২ বছর।
শোকাচ্ছন্ন বাসির বললেন, স্ত্রীকে বাঁচাতে চেষ্টা কম করেননি। কিন্তু কোনো লাভ হলো না। এখন স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে।