প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

হাইকোর্টফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্তরে (বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে) শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নসম্পর্কিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার বিধানটি স্থগিত চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

গত ১৩ অক্টোবর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ প্রণয়ন করা হয়। নীতিমালার ৬.২ বিধিতে ‘লিখিত পরীক্ষা: ২য়-৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি’ সম্পর্কে বলা আছে। এ ক্ষেত্রে শুধু প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নের বৈধতা নিয়ে রিটটি করা হয়েছে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে রুলসহ অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের প্রার্থনায় দেখা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত, প্রকাশিত ও অনুমোদিত সরকারি পাঠ্যপুস্তকের বাইরে প্রাথমিক স্তরে অতিরিক্ত, বেসরকারি, সহায়ক বা বোর্ডবহির্ভূত কোনো পাঠ্যবই, অনুশীলন বই, ব্যাকরণবিষয়ক নির্দেশিকা কিংবা সম্পূরক শিক্ষাসামগ্রী নির্ধারণ, প্রণয়ন, সুপারিশ, বিক্রি, বিতরণ বা শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাসচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

ক্লাস করছে শিক্ষার্থীরা
ফাইল ছবি: প্রথম আলো

রিট আবেদনকারীর ভাষ্য, ১৯৯০ সালের প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর নিরঙ্কুশ আইনি অধিকার। তবে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক ও এখতিয়ারবহির্ভূত।

২০১৮ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীগুলোর সঙ্গে অনৈতিক যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বোর্ড বইয়ের বাইরে শিশুদের কাঁধে অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ রিট আবেদনকারীর। তাঁর ভাষ্য, এই অমানবিক মানসিক চাপ ও অতিরিক্ত বইয়ের ভারে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা ও চিন্তা করার ক্ষমতা অঙ্কুরে বিনষ্ট হচ্ছে।

এর আগে দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চেয়ে ৭ অক্টোবর রিট হয়। লটারি পদ্ধতি বাতিলসংক্রান্ত ১৬ মার্চের স্মারক নিয়ে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আবেদনকারী হয়ে রিটটি করেন। ১৪ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।