উলিপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া মৌমিতা আক্তার ওরফে ছোয়া মনি এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামের সৌদিপ্রবাসী ছক্কু মিয়ার মেয়ে।

স্থানীয় ব্যক্তিরা জানান, মৌমিতা আক্তার আজ দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় অসাবধানতাবশত গভীর পানিতে গেলে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন, পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয় লোকজন শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৌমিতা আক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।