এসিআই-ইয়ানমার হারভেস্টার: কৃষি উদ্যোক্তার সফলতায় আস্থা
রোদ-বৃষ্টিতে কষ্ট করে জমিতে ফসল ফলান কৃষকেরা। সেই ফসল কেটে যখন ঘরে তোলেন, তখনই ফোটে তাঁদের মুখে তৃপ্তির হাসি। প্রযুক্তির উৎকর্ষে হাওয়া লেগেছে কৃষি খাতে। শারীরিক কষ্ট করে ফসল কাটতে হয় না কৃষকদের। সহজ হয়ে গেছে নতুন ফসল ঘরে তোলার প্রক্রিয়া। যুক্ত হয়েছে ‘হারভেস্টার’ নামের একটি বাহন, যা দিয়ে সযত্নে সোনার ফসল ঘরে তোলা যায়।
বাংলাদেশে হারভেস্টার ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই মোটরস। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে অত্যাধুনিক জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার, যা এ ব্যবসায় অগ্রদূত। গত মৌসুমগুলোতে হারভেস্টারে সরকারি ভর্তুকি থাকলেও এবারের আমন মৌসুমে এসিআই ও ইয়ানমারের পক্ষ থেকে ‘এজি৬০০’ হারভেস্টারে থাকছে ১৩ লাখ টাকা ভর্তুকি। হারভেস্টারে অঞ্চলভেদে সরকারি ভর্তুকিতে সমতলে ৫০ শতাংশ এবং হাওর অঞ্চলে ৭০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। কিন্তু সারা দেশে এসিআই ও ইয়ানমার ভর্তুকিতে ২৬ লাখ টাকা প্রদানেই ইয়ানমার ‘এজি৬০০’ হারভেস্টার পাওয়া যাচ্ছে।
দুটি গল্প—পাশাপাশি দুই গ্রামের দুজন কৃষি উদ্যোক্তার। একজন ঝিনাইদহের, অন্যজন চুয়াডাঙ্গার। ঝিনাইদহের উদ্যোক্তার জীবনে বারবার দেখা মিলেছে পরাজয়ের। কিন্তু হাল ছাড়েননি। সর্বশেষ তিনি দিয়েছেন গরুর খামার। এসিআই-ইয়ানমার কোম্পানির ফেসবুক পেজে হারভেস্টারের খোঁজ পান তিনি। তখন আমন-২৩ মৌসুম। বাকিটা শোনা যাক তাঁর মুখেই, ‘আমি এসিআইকে টাকা দেব, তারা আমাকে হারভেস্টার দেবে। কৃষি অফিসে কাগজপত্র জমা দেওয়া, ভর্তুকির তালিকায় নাম আসার দুশ্চিন্তা করতে হবে না। যেহেতু অফারটা সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আমি এসিআই প্রতিনিধির সঙ্গে দেখা করে হারভেস্টার কেনার সিদ্ধান্ত গ্রহণ করি। সবচেয়ে ভালো লেগেছে, ৬ লাখ টাকা ডাউন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এসিআই-ইয়ানমার হারভেস্টারটি আমাকে ডেলিভারি করে। বাকি টাকা পরিশোধে আমাকে সময় দেওয়া হয় ১৮ মাস।’
এই উদ্যোক্তা গরু বিক্রি করে কিনেছেন ইয়ানমার-হারভেস্টার। কিন্তু ধান কাটার সহজ এ মাধ্যমটির সঙ্গে পরিচিত না থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল প্রায় প্রতিদিন। পরে তিনি এসিআই মোটরসের প্রতিনিধির কাছ থেকে জানতে পারেন, যেকোনো যান্ত্রিক ত্রুটিতে সার্ভিস টিমকে ফোন করার ছয় ঘণ্টার মধ্যেই তাঁরা এসে ঠিক করে দিয়ে যান। তার পর থেকে সব সমস্যা সহজেই সমাধান হয়ে যেতে থাকে তাঁর। বদলাতে থাকে ভাগ্যও।
অন্যদিকে চুয়াডাঙ্গার সফল কৃষি উদ্যোক্তার গল্পটা একটু ভিন্ন। তিনি ছিলেন ট্রাক্টরের মিস্ত্রি। টাকার অভাবে একসময় যিনি বাজার থেকে এক কেজি চাল কিনে বাসায় যেতেন, বর্তমানে পাঁচটা হারভেস্টারের মালিক তিনি। তাঁর হারভেস্টার কেনার গল্পটা একটু অন্য রকম। তাঁর চাচা একজন কৃষক এবং তিনি জানতেন কৃষির প্রতি ভাতিজার আগ্রহের কথা। দপ্তনগর ইউনিয়নে যখন হারভেস্টার ডেমো হয়, চাচার সঙ্গে সেখানে যান তিনি। প্রথম ইয়ানমার-হারভেস্টার দেখেন। মেশিনটা দেখে তাঁর খুব ভালো লাগে। তখনই সেখানে উপস্থিত কৃষি অফিসারের সঙ্গে কথা বলেন। কৃষি অফিসার তাঁকে ৫০ শতাংশ ভর্তুকিতে আবেদন করতে বলেন। সালটা ছিল ২০১৯। তিনি কেনেন তাঁর প্রথম হারভেস্টার। সে বছর চুয়াডাঙ্গা জেলায় ধান কেটে ভালোই লাভ হয় এ উদ্যোক্তার।
২০২০ সালে করোনা মহামারির কারণে ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না জমির মালিকেরা। অধিকাংশ জমির ধান পেকে ঝরে যাচ্ছিল। সেই সময় হারভেস্টার বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবে আসে। তারপর ২০২০-এ তিনি আরেকটি ইয়ানমার-হারভেস্টার কেনেন। এরপর রাত–দিন ধান কেটেও তিনি শেষ করতে পারছিলেন না। এই উদ্যাক্তা বলেন, ‘আমি ২০২১ সালে আরও দুটি ইয়ানমার-হারভেস্টার কেনার জন্য কৃষি অফিসে আবেদন করি। কিন্তু ইয়ানমার-হারভেস্টারের চাহিদার কারণে আমি ভর্তুকি পাইনি। তাই অন্য কোম্পানির দুটি হারভেস্টার কিনি। কিন্তু ইয়ানমারের তুলনায় ওই দুটি হারভেস্টারের কার্যক্ষমতা ছিল কম। তাই ২০২২ সালে আরেকটি হারভেস্টার কিনি। হারভেস্টার দিয়ে ধান কেটে খরচ বাদে একর প্রতি লাভ করেছি দুই থেকে আড়াই হাজার টাকা। দিনে প্রায় ৬ থেকে ৮ একর জমির ধান কাটতে পারি। আশা করি, তিনটা মৌসুম ভালোভাবে ধান কাটতে পারলে সহজেই আমি হারভেস্টার কেনার টাকা তুলে ফেলতে পারব।’
কৃষি উদ্যোক্তাদের এত সব সফলতার পেছনে ইয়ানমার-হারভেস্টারের ভূমিকা কী? উত্তর পাওয়া যাবে ইয়ানমান-হারভেস্টারের দুর্দান্ত সব ফিচারের দিকে তাকালেই। এই হারভেস্টার দিয়ে ঘণ্টায় প্রায় এক একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। একরপ্রতি জ্বালানি খরচ হয় মাত্র ৮ থেকে ৯ লিটার। রয়েছে ছয় শ কেজি পর্যন্ত ধানের ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক। ইয়ানমার ডিজেল ইঞ্জিন ৭০ হর্স পাওয়ারবিশিষ্ট। কাটার পর খড় আস্ত থাকে। কাদা জমিতে এবং নুয়ে পড়া ধান ও গম কাটতে পারে। অন্যান্য হারভেস্টারের চেয়ে ইয়ানমার-হারভেস্টারে থ্রেশিং ড্রাম ও ফ্যান বেশি থাকায় ধানমাড়াই ও ঝাড়াই হয় পরিষ্কারভাবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এতে রয়েছে ছয়টি বিশেষ সেন্সর। সার্ভিস চার্ট অনুযায়ী নিয়মিত সার্ভিস করালে পাঁচ বছর পর্যন্ত কোনো জটিলতা ছাড়াই ব্যবহার করা যায়। এ ছাড়া ইয়ানমার হারভেস্টারের বড় সুবিধা এতে থাকা ‘এসএআর সিস্টেম’। যেহেতু ধান কাটার জন্য বিভিন্ন জায়গায় হারভেস্টার পাঠাতে হয়, তাই মালিক ঘরে বসেই মোবাইলে সহজেই জানতে পারবেন তাঁর হারভেস্টারের অবস্থান, কতটুকু জমির ধান কাটা হচ্ছে, কত ঘণ্টা চলছে, মেশিনের কোনো সমস্যা হলো কি না ইত্যাদি। ফলে হারভেস্টারের মালিক ঘরে বসেই থাকতে পারেন নিশ্চিন্ত ও দুর্ভাবনাহীন।