বইমেলা: ভিড় মানে মানুষের স্পন্দন
দুম দুম দুম...গতকাল শুক্রবার বিকেলে রমনা কালীমন্দিরের গেট দিয়ে বইমেলায় প্রবেশ করা সবাই শুনেছেন এই শব্দ। শিশুপ্রহরের পর সিসিমপুরের মঞ্চে তখন একসঙ্গে লাফিয়ে নিচ্ছে ২০-২৫ শিশু। উত্তরা থেকে আসা ছোট্ট মিরানা অবশ্য তখন বই পড়ছিল শেখ রাসেল শিশু চত্বরে। সে জানাল, গাছেরা কলা খায়। সদ্য কেনা ‘গাছও খায়’ বইয়ের প্রচ্ছদে আঁকা ছবি থেকে এ ধারণা হয়েছে ওর। শিশুপ্রহরের বিকেলের আয়োজনে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের ‘প্যারেন্টাল ম্যানুয়াল’ পড়ে শোনানো হয়েছে। এসেছিল সিসিমপুরের হালুম ও টুকটুকিরা।
মেলার ভেতর তখন ‘ঠাঁই নাই’ অবস্থা। সোহরাওয়ার্দী উদ্যানের মাঠটাও খুব ছোট হয়ে গেল ভিড়ে। ঐতিহ্য প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফুর রহমান নাঈম গতকাল প্রথম এসেছেন মেলায়। তিনি জানান, প্রতিবারের তুলনায় এবার দ্বিগুণ বই প্রকাশ করেছে ঐতিহ্য। প্রকাশনা সংস্থা টিকিয়ে রাখতে হলে বই বেশি প্রকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন তিনি। চারপাশে ভিড় রয়েছে তখন পাঠকের। কেউ খুঁজছেন নতুন কবিতার বই। কারও পছন্দ ইতিহাসের গল্প। এর মধ্যে ভীষণ জটলা হলো পাশের তাম্রলিপি প্রকাশনীতে। সেখানে বই কেনার চেয়ে বেশি চলছে ছবি তোলার প্রতিযোগিতা। সালমান মুকতাদির, মুনজেরিন শহীদ আর অন্তিক মাহমুদ এসেছেন বলে জানান একজন।
অবসর প্রকাশনী থেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষ পর্যন্ত এক পাঠক কিনেই নিলেন সাহিত্যিক ওয়াসি আহমেদের সম্পাদনায় প্রকাশিত এডগার অ্যালান পোর আতঙ্কের অলীক আখ্যান ঢাউস অনুবাদ গ্রন্থটি। শুক্রবার কথাপ্রকাশের প্যাভিলিয়নে বইয়ের খবর জানতে চাইলে প্রকাশক জসিমউদ্দিন কয়েকটি বইয়ের সঙ্গে এগিয়ে দিলেন বদিউদ্দিন নাজিরের লেখা বই প্রকাশে লেখকের প্রস্তুতি। পাণ্ডুলিপি নিয়ে পছন্দ–অপছন্দ থেকে শুরু করে লেখকদের জন্য রয়েছে গবেষণা, পাঠকের মনোযোগ আকর্ষণের পদ্ধতি বা বানানের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে লেখকের মতামত। পরের সারিতে মাওলা ব্রাদার্সে তখন পাঠকের জন্য তলকুঠুরির কড়চা নামে একটি বই খুঁজছেন প্যাভিলিয়নের কর্মী তানজিম রহমান। ফিওদর দস্তয়ভস্কির বিখ্যাত বই নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড–এর অনুবাদ তলকুঠুরির কড়চা নাম রেখেছেন অনুবাদক মশিউল আলম। সরাসরি রুশ ভাষা থেকে অনূদিত হয়েছে বইটি। একটু এগিয়ে হাতের ডানে বিদ্যাপ্রকাশ। সেখানে তখন উপস্থিত কার্তিকে বসন্ত–এর লেখক কথাসাহিত্যিক মোহিত কামাল।
সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখান থেকে টিএসসির দিকে এগিয়ে যেতেই আরেক ভিড় প্রথমা প্রকাশনে। অসংখ্য খুদে পাঠক নিজের বইটি এগিয়ে দিয়েছেন লেখকের দিকে। ওদের মধ্য থেকে মুখে প্রশস্ত হাসি নিয়ে বের হয়ে এলো রাজধানীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী যাহরা হোসেন। আনিসুল হক ওর তিন কিশোরের দুঃসাহসিক অভিযান বইতে অটোগ্রাফ দিয়েছেন। কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘শিশুকিশোরেরা সত্যি কথা বলে। তাই ওদের জন্য লিখতেও ভালোবাসা কাজ করে। নিজের সন্তানের শৈশব যেন ফিরে আসে চোখের সামনে।’ এই ফাঁকে আশপাশ থেকে ভেসে এলো অন্যান্য বইয়ের নামও। কিশোরকণ্ঠে কেউ চাইছেন সুমন্ত আসলামের লেখা রূপংকর ভয়ংকর । মির্জা গালিবকে নিয়ে লেখা সাদত হাসান মান্টোর চিত্রনাট্য নিয়ে বইয়ের খবর নেওয়া পাঠকের কণ্ঠ অবশ্য দরাজ ছিল।
বিকেলের দিকে মোড়ক উন্মোচন হলো চায়না পারভীনের লেখা দুটি বইয়ের। নীলুর সকাল আর স্বপ্ন সাঁতার প্রকাশিত হয়েছে পূর্বা প্রকাশনী থেকে। শুক্রবার বইমেলায় এসেছে ২৭৬টি নতুন বই। এত বইয়ের ভিড়েও পুরোনো ভালো বইয়ের পাঠক কমেনি। জাতীয় সাহিত্য প্রকাশের প্রদর্শনী টেবিলের সামনে রাখা যতীন সরকারের লেখা পাকিস্তানের জন্ম–মৃত্যু দর্শন বইটি দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক গওহর গালিব। তিনি বলেন, কিছু কণ্ঠস্বর কখনো পুরোনো হওয়ার নয়। যতীন সরকারের লেখা সব সময়ের পাঠকের জন্য। ভিড়ের জন্য বইয়ের সামনে শান্তিতে দাঁড়াতে পারছিলেন না গালিব। স্বগতোক্তির মতো মন্তব্য করলেন— ‘বিরক্ত হলেও মেলার এই ভিড় হচ্ছে মানুষের বেঁচে থাকার স্পন্দন।’