ভোটার করতে জালিয়াতির চেষ্টায় সুনামগঞ্জের নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

নির্বাচন কমিশন ভবনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার প্রমাণ পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, ওই উপজেলায় বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে ১০৬ জন বাংলাদেশি প্রবাসীকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে।

এনআইডি ডিজি জানান, জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। অনিয়মে জড়িত দুজন হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর জুবায়ের। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারা দেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এনআইডি ডিজি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে গত সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কাজে তিনি সবার সহযোগিতা চান।