সংকটের সমাধান না হলে স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গারাও ভুক্তভোগী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সকালে আইজিসিএফ আয়োজিত গোলটেবিল বৈঠকেছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান যত দেরি হবে, তত বেশি সার্বিক সংকট বাড়বে। স্থানীয় লোকজন যেমন ভুক্তভোগী হবে, তেমনি রোহিঙ্গারা নিজেরাও। তাই রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

আজ রোববার সকালে রাজধানীতে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। গবেষণা রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর গ্লোবাল কো–অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা ও মানবিক সংকট প্রকট হওয়ার কারণেই দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের কোনো বিকল্প নাই। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। মাদক চোরাচালানের ঘটনা ঘটছে। সার্বিক নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হচ্ছে। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

মানবিক সহায়তার প্রয়োজনীয়তা থাকলেও একে দীর্ঘস্থায়ী না করে এই সংকটের স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে বলেন মন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক ব্যবস্থাপনা থেকে সুরক্ষা ও টেকসই প্রত্যাবাসনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গোল টেবিল বৈঠকে বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।