নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত হওয়ার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর
বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে জবাব দিতে প্রস্তুত হওয়ার জন্য দলীয় নেতা–কর্মীদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের দুটি কমিউনিটি সেন্টারে দুই থানা ও আট ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটির সঙ্গে ঈদ–পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী এ আহ্বান জানান।
সদরঘাট ক্লাব ৭১–এ কোতোয়ালি থানা আওয়ামী লীগের ও বাকলিয়ায় আহাদ কনভেনশন হলে বাকলিয়া থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের পৃথক এই সভা অনুষ্ঠিত হয়।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আগামী ঈদুল ফিতর হবে জাতীয় সংসদ নির্বাচনের পরে। আগামী ঈদুল ফিতরে আমরা আবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই। এটা আমাদের সকলের প্রার্থনা, দোয়া এবং চাওয়া। আমরা মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, কাউন্সিলর যে যা কিছু করুক না, শুধু তা একজন শেখ হাসিনার কারণে সম্ভব হচ্ছে।’
মতবিনিময় সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী বক্তব্য দেন।