জীবনের ক্লান্তি দূর করতে প্রশান্তি দরকার: নবনির্বাচিত রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জীবনের ক্লান্তি দূর করতে হলে একটু প্রশান্তি দরকার। একদিন হেসেখেলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে। গতকাল রোববার পাবনা প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পাবনার প্রেসক্লাবের সব সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সুন্দর জীবন ও ফ্যামিলি ডে’র সফলতা কামনা করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আমারও এ অনুষ্ঠানে যোগদানের ইচ্ছা ছিল। কিন্তু বাধ্যবাধকতার কারণে যোগ দিতে পারিনি।’ ভবিষ্যতে প্রেসক্লাবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

পাবনার রূপকথা ইর্কো রিসোর্ট প্রাঙ্গণে পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসি, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। ফ্যামিলি ডে’তে পাবনা প্রেসক্লাবের সদস্যদের পরিবারের শতাধিক সদস্য অংশ নেন।

পরে ২৫টি ইভেন্টে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য।