অভিনেত্রী স্ত্রীর করা মামলায় খালাস পেলেন গায়ক ইলিয়াস
অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার করা যৌতুকের মামলা থেকে খালাস পেলেন গায়ক ইলিয়াস হোসাইন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক আবেরা সুলতানা খানম আজ বুধবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা ফারহানা আহমেদ।
পিপি আফরোজা ফারহানা বলেন, এ মামলার বাদী অভিনেত্রী সুবাহ আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ নেই। এরপর আদালত আসামি ইলিয়াসকে খালাস দেন।
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে চলতি বছরের ৩ জানুয়ারি অভিনেত্রী সুবাহ স্বামী গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত মার্চ মাসে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে ১৯ জুন ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, অভিনেত্রী সুবাহর সঙ্গে গায়ক ইলিয়াসের পরিচয় হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিকভাবে ওই বছরের ১ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। ১২ লাখ টাকা যৌতুক দেওয়া হয় বলে মামলায় দাবি করেন অভিনেত্রী সুবাহ। পরে ফ্ল্যাট কেনার জন্য আরও টাকা চেয়েছিলেন বলে মামলায় দাবি করা হয়।